ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০০:১০
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি দলের সহযোগী সংগঠন যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখা ও ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মিরপুর ও মোহাম্মদপুর এলাকার সাংগঠনিক থানাগুলো এসব কমিটির অধীনে রয়েছে।
একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কমিটি বাতিলের কথা জানায় বিএনপি ও সংগঠন দুটি।
সম্প্রতি রাজধানীর মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় কিছু নেতা-কর্মীর জড়িত থাকার অভিযোগ উঠেছে।
এদিকে বুধবার সকাল ১০টার পরে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ বাঁধে। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশ ও সাংবাদিকদের গাড়ি ভাঙচুরের শিকার হয়। বেশ কয়েকজন আহতও হন। এসব ঘটনার মাঝেই এমন সাংগঠনিক সিদ্ধান্ত এল।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মো. আমিনুল হক এবং সদস্য সচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ৫১ সদস্যের বিদ্যমান কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘোষণা করা হবে।
২০২৪ সালের ৪ নভেম্বর আমিনুল হকের নেতৃত্বে মহানগর উত্তর বিএনপির কমিটি গঠিত হয়েছিল। তিনি বর্তমানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। আগের আহ্বায়ক সাইফুল আলম নিরবের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠার পর কমিটি বিলুপ্ত করা হয়।
একই দিনে বিএনপির আরেক বিজ্ঞপ্তিতে তিনজনকে বহিষ্কারের কথা জানানো হয়। তারা হলেন শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কু। অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করার পাশাপাশি দলটির যুব ও ছাত্র সংগঠনের দুই কমিটি বাতিল করা হয়।
যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত: যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। উত্তর যুবদলের আহ্বায়ক ছিলেন শরিফ উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব ছিলেন সাজ্জাদুল মিরাজ।
ছাত্রদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে বুধবার রাতে জানানো হয়েছে, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে।
মো. রবিন খানকে সভাপতি এবং আকরাম আহমেদকে সাধারণ সম্পাদক করে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের নয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছিল। বৃহত্তর মিরপুর এবং মোহাম্মদপুরের ১১টি থানা এই কমিটির আওতাধীন। ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধেও মিরপুর এলাকায় চাঁদাবাজি এবং রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। ভিডিও ফুটেজে থানা এবং ওয়ার্ড পর্যায়ের কয়েকজনকে দেখা যায়।
ছাত্রদলের পৃথক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে পাঁচজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়। তারা হলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কমিটি বিলুপ্তি ও বহিষ্কারের এসব সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের ছয়জন বহিষ্কার: দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্যসচিব মো. হাফিজুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এ ছাড়া শ্রমিক দলের চারজনকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন শাহ আলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহ আলী থানা অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ।
শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের দায়ে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দলটি।
জানা গেছে, মালয়েশিয়ায় থেকে মামুন মিরপুরে একটি বাহিনী নিয়ন্ত্রণ করেন। দেশে তার দুই ভাই জামিল রহমান ও মশিউর রহমান বাহিনী পরিচালনা করেন। তাদের বিরুদ্ধে মিরপুরের পল্লবী, মিরপুর ১২, সাগুফতা ও বাউনিয়া এলাকার চাঁদাবাজি, ঝুট ব্যবসা, জমি দখল ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।
বাংলাদেশের খবর/আরইউ

