Logo

খেলা

নতুন ইতিহাস গড়ল ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৮:২০

নতুন ইতিহাস গড়ল ভারত

নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ল ভারত।

রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৫৯ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার ভারতকে ব্যাটিংয়ে পাঠান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতীয় ব্যাটাররা। ওপেনার অভিষেক শর্মা মাত্র ১৮ বলে ফিফটি তুলে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন। তিনি ২১ বলে ৫২ রান করে আউট হন। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তোলে ভারত, যা ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ।

এরপর সাঞ্জু স্যামসন ও ইশান কিষাণ কিউই বোলারদের ওপর চাপ বাড়ান। স্যামসন ৪৬ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ইশান কিষাণ ২৫ বলে ৫৪ রান করেন। শেষ দিকে শিভম দুবে ২৪ রান যোগ করলে ভারতের স্কোর দাঁড়ায় ২৫৫ রানে।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লের মধ্যেই তারা হারায় ৩ উইকেট। ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস দ্রুত ফিরে যান। ওপেনার টিম সেইফার্ট ২৬ বলে ৫২ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। শেষ দিকে অধিনায়ক মিচেল স্যান্টনার ৪৩ ও ড্যারিল মিচেল ১৭ রান করেন।

ভারতের হয়ে বল হাতে জসপ্রিত বুমরাহ ৪ উইকেট নেন। অক্ষর প্যাটেল নেন ৩টি উইকেট। শেষ পর্যন্ত ১৫৯ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

এর আগে ২০০৭ ও ২০২৪ সালে শিরোপা জেতা ভারত এবার তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস গড়ল।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর