আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনও বহাল, জানাল তথ্য মন্ত্রণালয়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১৯:২৬
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে দিনভর গুঞ্জন চললেও বিকেলে তা নাকচ করে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এক আনুষ্ঠানিক প্রতিবাদলিপিতে মন্ত্রণালয় জানিয়েছে, আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চাওয়া হয়েছে।
আজ শনিবার সকালে জার্মানিভিত্তিক সংবাদমাধ্যম
ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান,
আইপিএল সম্প্রচারে সরকারের কোনো রাজনৈতিক বাধা নেই এবং বিষয়টি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি
থেকে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। মন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে ক্রিকেটভিত্তিক
ওয়েবসাইট 'ক্রিকবাজ' সংবাদ প্রকাশ করে যে, বাংলাদেশ আইপিএল সম্প্রচারের দুয়ার খুলে
দিচ্ছে। এর পরপরই দেশের মূলধারার প্রায় সব গণমাধ্যমে "নিষেধাজ্ঞার অবসান, বাংলাদেশে
দেখা যাবে আইপিএল" শিরোনামে খবর ছড়িয়ে পড়ে।
গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর বিকেলে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে
এর প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, "আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত
সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের
মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে
পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।"
মন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যায় মন্ত্রণালয়
জানায়, আইপিএল সম্প্রচারের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আবেদন জমা পড়েনি এবং বিষয়টি
বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে এই নিষেধাজ্ঞার
শিকড় বেশ গভীরে। গত বছর উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা
নাইট রাইডার্স (কেকেআর) তাদের স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ
দিতে বাধ্য হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে ব্যাপক উত্তেজনা
সৃষ্টি হয়। পরবর্তীতে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ
খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি নিরপেক্ষ ভেন্যুর দাবি
প্রত্যাখ্যান করলে বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকে, যার ফলে বাংলাদেশের আর বিশ্বকাপ
খেলা হয়নি। এই ঘটনার প্রেক্ষিতে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আইপিএল সম্প্রচারে
নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ব্যক্তিগতভাবে
আইপিএল সম্প্রচারকে ইতিবাচকভাবে দেখার ইঙ্গিত দিলেও, প্রশাসনিকভাবে এখনো সবুজ সংকেত
মেলেনি। আপাতত দেশের কোটি ক্রিকেটপ্রেমীর চোখ এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের
দিকে। মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়া না আসা পর্যন্ত বাংলাদেশের টেলিভিশন পর্দায় আইপিএল
দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

