Logo

খেলা

ইনজুরিতে মাঠে ফেরা অনিশ্চিত স্টোকসের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১৯:২৯

ইনজুরিতে মাঠে ফেরা অনিশ্চিত স্টোকসের

বেন স্টোকস

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের মাঠে ফেরা আরও পিছিয়ে গেল। গালের হাড় ভেঙে যাওয়ার পর অস্ত্রোপচার করা হলেও পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ডারহামের কোচ রায়ান ক্যাম্পবেল। ফলে আগামী সপ্তাহে কেন্ট-এর বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে খেলা হচ্ছে না ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারের।

গত ফেব্রুয়ারির শুরুতে ডারহাম একাডেমির খেলোয়াড়দের সাথে নেট সেশনের সময় একটি বল সরাসরি স্টোকসের গালে আঘাত করে। এর এক সপ্তাহ পরেই তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। কোচ ক্যাম্পবেল এই ঘটনাটিকে 'ভয়াবহ' উল্লেখ করে বলেন, "বলটি এত জোরে লেগেছিল যে আর মাত্র কয়েক সেন্টিমিটার এদিক-সেদিক হলে স্টোকস তার চোখ হারাতে পারতেন। আমরা সত্যিই ভাগ্যবান যে বড় বিপদ এড়ানো গেছে।"

প্রাথমিকভাবে এপ্রিলের শুরুতেই স্টোকসের ফেরার কথা থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের ছাড়পত্রের অপেক্ষায় আছে ডারহাম কর্তৃপক্ষ। নতুন পরিকল্পনা অনুযায়ী আগমী ৮ মে ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামতে পারেন তিনি এবং ১৫ মে কেন্টের বিপক্ষে ফিরতি ম্যাচে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। জুন মাসের ৪ তারিখ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে। যদি মে মাসের এই ম্যাচগুলোতে স্টোকস অংশ নিতে না পারেন, তবে কোনো লাল বলের ক্রিকেট না খেলেই তাকে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে হবে।

অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে অ্যাশেজ হারের পর এটিই স্টোকসের জন্য সবচেয়ে কঠিন সময়। ইনজুরির কারণে অ্যাশেজের শেষ দিকেও তিনি ভুগেছেন। তবে হার সত্ত্বেও ব্রেন্ডন ম্যাককালাম এবং রবার্ট কি-র ওপর আস্থা রেখেছে ইসিবি, যা স্টোকসকে মানসিকভাবে সাহস জুগিয়েছে। স্টোকস জানিয়েছেন, গত তিন মাস তার ক্যারিয়ারের 'সবচেয়ে কঠিন সময়' ছিল এবং তিনি দলকে আবার শীর্ষে ফেরাতে মরিয়া।

একটি চমকপ্রদ তথ্য দিয়েছেন ডারহাম কোচ ক্যাম্পবেল। তিনি জানান, এই গ্রীষ্মে কাউন্টি ওয়ানডে কাপে খেলার পরিকল্পনা করছেন স্টোকস। ২০২৩ বিশ্বকাপের পর থেকে ৫০ ওভারের ফরম্যাটে তাকে দেখা যায়নি। যেহেতু তিনি এবার 'দ্য হান্ড্রেড' থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, তাই টেস্ট সিরিজের মাঝের সময়টায় নিজেকে ফিট রাখতে ঘরোয়া একদিনের ক্রিকেটকে বেছে নিচ্ছেন তিনি।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন