Logo

খেলা

রাজনীতি চললে দেশর ক্রিকেট খুব বেশি এগোবে না : ফারুক আহমেদ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৯:১৮

রাজনীতি চললে দেশর ক্রিকেট খুব বেশি এগোবে না : ফারুক আহমেদ

বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ

দেশের ক্রিকেটের প্রাণভোমরা খ্যাত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ক্রিকেট বোর্ডের নির্বাচন কেন্দ্রিক দ্বন্দ্বের জেরে ক্লাবগুলোর লিগ বর্জনের হুমকিতে বিপাকে পড়েছেন শত শত ক্রিকেটার। এই অচলাবস্থা নিরসনে বিসিবি ও সিসিডিএমকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) চিঠি দিলেও সমাধান মেলেনি। এমন পরিস্থিতিতে ক্লাবগুলোর সদিচ্ছা এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ।

সাম্প্রতিক বোর্ডবিরোধী ক্লাবগুলোর অবস্থানবর্তমান বোর্ডকে অবৈধ আখ্যা দিয়ে তাদের অধীনে কোনো খেলায় অংশ না নেওয়া। বিষয়টিকে ক্রিকেটারদের জিম্মি করা হিসেবে দেখছেন বিসিবির নীতিনির্ধারকরা। এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, এখন এই যে ধারাটা চালু হয়ে গেল, যারা এখন খেলতে চাচ্ছেন না তারা যদি কখনো ক্ষমতায় আসেন আর একই পদ্ধতিতে চলেন, তবে বাংলাদেশ ক্রিকেট খুব বেশি এগোতে পারবে না। দলবদল হওয়া এবং অংশগ্রহণ করা ক্লাবগুলোর দায়িত্ব। তারা খেললে ভালো, না খেললে ক্ষতিটা আসলে আমাদেরই (ক্রিকেটের)।

বাংলাদেশ ক্রিকেটের ভিত্তি হিসেবে ক্লাবগুলোর অবদানের কথা স্বীকার করেও বর্তমান অস্থিরতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। তিনি জানান, গত বছরের তুলনায় এবার ক্লাবগুলোকে প্রায় ৬০-৭০ শতাংশ বেশি সহযোগিতা করা হয়েছে। ফারুক আহমেদের মতে, বিসিবির কাজ হলো সহযোগিতা করা, যা তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ক্লাবগুলোর অভ্যন্তরীণ রাজনীতির বলি হচ্ছেন ক্রিকেটাররা, যাদের আয়ের বড় অংশ আসে এই লিগ থেকে।

ক্রিকেটারদের খেলা চলাকালীন রাজনীতিতে জড়ানো নিয়ে সম্প্রতি কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই অবস্থানের সঙ্গে পূর্ণ একমত পোষণ করেছেন ফারুক আহমেদ। ফারুক আহমেদের মতে, আইন করে সক্রিয় খেলোয়াড়দের রাজনীতিতে আসা বন্ধ করা উচিত। তারকাখ্যাতিকে কাজে লাগিয়ে রাজনীতি করা উচিত না। খেলা ছাড়ার পর রাজনীতিতে আসার অনেক উদাহরণ বিশ্বে আছে। কিন্তু খেলা চলাকালীন এটি কাম্য নয়। নাম উল্লেখ না করে তিনি জানান, বর্তমানে কিছু খেলোয়াড় এই সমস্যায় ভুগছেন এবং ভবিষ্যতে যেন এমন দৃশ্য আর দেখতে না হয়।

ঢাকা লিগ যথাসময়ে না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটাররা প্রতিনিয়ত হতাশা প্রকাশ করছেন। ক্রিকেটারদের রুটিরুজির এই লিগটি চালু করতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপনের কাছে লিখিত অনুরোধ জানিয়েছে কোয়াব।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন