দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮টি দল। বুধবার সকালে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে এশিয়ান দেশ ইরাক। এর মাধ্যমেই উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাওয়া ফুটবল মহাযজ্ঞের সব কটি স্থান পূর্ণ হলো।
এবারের বাছাইপর্বের সবচেয়ে বড় অঘটন চারবারের
বিশ্বচ্যাম্পিয়ন ইতালির বিদায়। প্লে-অফ ফাইনালে বসনিয়া-হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে
৪-১ ব্যবধানে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেল আজ্জুরিরা। নির্ধারিত
ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় থাকার পর পেনাল্টি শুটআউটে ইতালির ব্রায়ান ক্রিস্টান্তে
ও পিও এস্পোসিতো গোল করতে ব্যর্থ হলে বসনিয়ার জয় নিশ্চিত হয়।
ইতালির পাশাপাশি রবার্ট
লেভান্ডফস্কির পোল্যান্ডও সুইডেনের কাছে হেরে বিদায় নিয়েছে। ১৯৮৬ সালের পর আর বিশ্বকাপে
খেলা হয়নি ইরাকের। দীর্ঘ ৪০ বছরের খরা কাটিয়ে মেক্সিকোর মন্টেরি শহরে বলিভিয়াকে হারিয়ে
ইতিহাস গড়ল দেশটি। এছাড়া ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেছে হাইতি ও ডেমোক্রেটিক রিপাবলিক
অব কঙ্গো (ডিআর কঙ্গো)। জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ৪৭তম দল হিসেবে জায়গা করে নিয়েছে
কঙ্গো। ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ বাধা পেরিয়ে মূল পর্বে নাম লিখিয়েছে সুইডেন, চেক প্রজাতন্ত্র,
তুরস্ক এবং বসনিয়া ও হার্জেগোভিনা।
প্রথমবারের মতো ৪৮ দলের এই আসরে অভিষেক
হতে যাচ্ছে জর্ডান, উজবেকিস্তান, কুরাসাও ও কেপ ভার্দের। ফুটবল ইতিহাসে এটিই হতে যাচ্ছে
সব চেয়ে বড় আসর, যেখানে ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
একনজরে গ্রুপগুলো
এ গ্রুপ : চেক প্রজাতন্ত্র, মেক্সিকো,
দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া
বি গ্রুপ : বসনিয়া-হার্জেগোভিনা, কানাডা,
কাতার ও সুইজারল্যান্ড
সি গ্রুপ : ব্রাজিল, হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড
ডি গ্রুপ : অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক
ও যুক্তরাষ্ট্র
ই গ্রুপ : জার্মানি, কুরাসাও, ইকুয়েডর
ও আইভরি কোস্ট
এফ গ্রুপ : নেদারল্যান্ডস, জাপান, সুইডেন
ও তিউনিসিয়া
জি গ্রুপ : বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড
এইচ গ্রুপ : স্পেন, উরুগুয়ে, সৌদি আরব
ও কেপ ভার্দে
আই গ্রুপ : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে ও
ইরাক
জে গ্রুপ : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া
ও জর্ডান
কে গ্রুপ : পর্তুগাল, কলম্বিয়া, জ্যামাইকা
ও উজবেকিস্তান
এল গ্রুপ : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা
ও পানামা
আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা
স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ১৬ জুন
ফক্সবোরোতে নিজেদের প্রথম ম্যাচে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ইরাক। দীর্ঘ ৩৯ দিনের
এই ফুটবল উৎসবের পর্দা নামবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্র্যান্ড ফাইনালের
মধ্য দিয়ে।
বাংলাদেশের খবর/এম.আর

