Logo

খেলা

ক্যাবরেরা অধ্যায়ের ইতি, নতুন কোচের সন্ধানে বাফুফে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ২০:৩০

ক্যাবরেরা অধ্যায়ের ইতি, নতুন কোচের সন্ধানে বাফুফে

হ্যাভিয়ের ক্যাবরেরা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চার বছরের দীর্ঘ যাত্রার সমাপ্তি কি তবে আসন্ন? বাফুফের সাম্প্রতিক সিদ্ধান্তে এমন আভাসই পাওয়া যাচ্ছে। আগামী ৩০ এপ্রিল স্প্যানিশ এই কোচের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তবে এবার আর সরাসরি চুক্তি নবায়ন নয়, বরং উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কোচ খোঁজার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে ভবনে জাতীয় দল কমিটির এক গুরুত্বপূর্ণ সভা শেষে এই তথ্য জানানো হয়। সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, "৩০ এপ্রিল ক্যাবরেরার মেয়াদ শেষ হচ্ছে। আমরা এই সময়ের মধ্যে নতুন কোচের জীবনবৃত্তান্ত (সিভি) যাচাই-বাছাই করব। তবে ক্যাবরেরার জন্য দরজা একেবারে বন্ধ নয়; তিনিও চাইলে নতুন করে আবেদন করতে পারবেন।"

২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর ক্যাবরেরার অধীনে বাংলাদেশ ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় ১০টিতে, ড্র ১০টিতে এবং হার ১৯টি ম্যাচে। তার মেয়াদের সবচেয়ে বড় সাফল্য ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে ১৪ বছর পর সেমিফাইনালে ওঠা। তবে সাম্প্রতিক সময়ে খেলোয়াড় নির্বাচন, বিশেষ করে গোলরক্ষক জিকোকে ক্যাম্পে না ডাকা এবং ম্যাচের কৌশল নিয়ে ফুটবল মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। জাতীয় দল কমিটির কোনো কোনো সদস্য তার কর্মকাণ্ডকে বিতর্কিত’ হিসেবেও আখ্যা দিয়েছেন।

বাফুফে জানিয়েছে, কোনো ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে নয়, বরং বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসা প্রোফাইলগুলো যাচাই করে যোগ্যতর কাউকেই দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। যদিও সমালোচকদের মতে, ক্যাবরেরাকে পুনরায় আবেদনের সুযোগ দেওয়াটা এক ধরণের ধোঁয়াশা’ তৈরি করছে। কারণ, অন্য বিদেশি কোচদের তুলনায় বাংলাদেশ দল সম্পর্কে তার জানাশোনা বেশি হওয়ায় তিনি সুবিধাজনক অবস্থানে থাকতে পারেন। তবে বাফুফে স্পষ্ট করেছে, নতুন সাক্ষাৎকার প্রক্রিয়ার মাধ্যমেই সবকিছু নির্ধারিত হবে। শুধু প্রধান কোচ নয়, এবার দীর্ঘমেয়াদী (দুই বছর) একজন বিদেশি গোলরক্ষক কোচ নিয়োগের পরিকল্পনাও হাতে নিয়েছে বাফুফে। সাধারণত প্রধান কোচ তার পছন্দমতো সহকারী বা গোলরক্ষক কোচ নিয়ে আসেন, তবে এবার বাফুফে নিজেই এই প্রক্রিয়া তদারকি করতে চায়।

এদিকে, সামনেই রয়েছে জুনের ফিফা উইন্ডো। এই সময়ে মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট অথবা থাইল্যান্ড ও মিয়ানমারের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। ৩০ এপ্রিল ক্যাবরেরার মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোচ দায়িত্ব নিতে মাত্র এক মাস সময় পাবেন। যদি সঠিক সময়ে মানসম্মত কোচ না পাওয়া যায়, তবে জুনের উইন্ডোতে ক্যাবরেরাকেই সাময়িকভাবে ডাগআউটে দেখা যেতে পারে—এমন গুঞ্জনও রয়েছে ফুটবলাঙ্গনে।

সূত্রমতে, ক্যাবরেরা বাংলাদেশে থাকতে অত্যন্ত আগ্রহী এবং তিনি বিভিন্ন মহলের মাধ্যমে বাফুফে কর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তবে বাফুফে এবার কঠোর অবস্থানে থেকে দলের পারফরম্যান্সের আমূল পরিবর্তন আনতে বদ্ধপরিকর। এখন দেখার বিষয়, মে মাসের শুরুতে লাল-সবুজের ডাগআউটে ক্যাবরেরাই থেকে যান নাকি নতুন কোনো বিদেশি কোচের হাত ধরে শুরু হয় বাংলাদেশের ফুটবলের নতুন পথচলা।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন