ক্রিশ্চিয়ানো রোনালদো
ইনজুরি কাটিয়ে দীর্ঘ এক মাস পর মাঠের লড়াইয়ে ফিরেই নিজের চিরচেনা রূপ দেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই মহাতারকার জোড়া গোলের ওপর ভর করে সৌদি প্রো লিগের তলানির দল আল-নাজমাকে পরাজিত করেছে আল-নাসর। ৪১ বছর বয়সেও গোলের নেশা যে একটুও কমেনি, সেটিই আবারও প্রমাণ করলেন সিআরসেভেন।
গত ফেব্রুয়ারির শেষের দিকে হ্যামস্ট্রিং
ইনজুরিতে পড়েছিলেন রোনালদো। চোটটি গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য তাকে স্পেনেও যেতে হয়েছিল।
এর ফলে আল-নাসরের হয়ে লিগের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে মেক্সিকো
ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচগুলোতে তিনি মাঠে নামতে পারেননি। তবে মাসখানের
বিরতি কাটিয়ে ফিরেই জালের দেখা পেলেন এই ফরোয়ার্ড। চলতি লিগ মৌসুমে ২৩ ম্যাচে তার গোল
সংখ্যা এখন ২৩টি।
ম্যাচের শুরুতে অবশ্য কিছুটা চমক দেখিয়েছিল
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আল-নাজমা। মাত্র এক জয় নিয়ে খেলতে নামা দলটি আল-নাসরের
বিপক্ষে আগে গোল করে লিড নেয়। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পাশার দান উল্টে দেন সাদিও
মানে। সাবেক এই লিভারপুল তারকার গোল এবং আবদুল্লাহ আল হামদানের লক্ষ্যভেদে ২-১ ব্যবধানে
এগিয়ে থেকে বিরতিতে যায় আল-নাসর।
বিরতির পর সফরকারী আল-নাজমা গোল পরিশোধ
করে সমতায় ফিরলে ম্যাচ জমে ওঠে। তবে ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে আবারও লিড
এনে দেন রোনালদো। এরপর ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। সাদিও
মানেও ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি পেয়েছেন। শেষ পর্যন্ত দাপুটে জয়ে মাঠ ছাড়ে রিয়াদের
ক্লাবটি। এই জয়ের ফলে সৌদি প্রো লিগে টানা ১৩টি ম্যাচ জিতল আল-নাসর। পয়েন্ট টেবিলে
দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের চেয়ে বর্তমানে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। যদিও আল-হিলাল
শনিবার রাতে আল-তাউয়ুনের বিপক্ষে মাঠে নামবে। তবে রোনালদোর ফর্মে ফেরা এবং সাদিও মানের
গোলক্ষুধা আল-নাসরের শিরোপা জয়ের পথকে আরও মসৃণ করে তুলল।
পেশাদার ক্যারিয়ারের সায়াহ্নে এসেও ৪১
বছর বয়সী রোনালদোর এমন পারফরম্যান্স ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।
বাংলাদেশের খবর/ এম.আর

