Logo

খেলা

ড্যানিয়েল পেরেৎজ

আর্সেনালকে সম্মান করি, কিন্তু ভয় পাই না

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ২০:৩৬

আর্সেনালকে সম্মান করি, কিন্তু ভয় পাই না

ড্যানিয়েল পেরেৎজ

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে স্থানীয় সময় রোববার শক্তিশালী আর্সেনালের মুখোমুখি হচ্ছে সাউদাম্পটন। সেন্ট মেরি’স স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে গানারদের প্রতি যেমন সম্মান দেখাচ্ছেন, তেমনি জয়ের ব্যাপারেও অদম্য আত্মবিশ্বাস ঝরছে সাউদাম্পটনের ইসরায়েলি গোলরক্ষক ড্যানিয়েল পেরেৎজের কণ্ঠে। বায়ার্ন মিউনিখ থেকে ধারে আসা এই ২৫ বছর বয়সী তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বড় দলের বিপক্ষে তারা মোটেও ভীত নন।

নিবন্ধে পেরেৎজ তার ক্যারিয়ারের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। শৈশবে যার ছবি শোবার ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতেন, সেই কিংবদন্তি ম্যানুয়েল নয়্যারের সঙ্গে বায়ার্ন মিউনিখে ড্রেসিংরুম শেয়ার করাকে স্বপ্নের মতো মনে করেন তিনি। নয়্যারের উত্তরসূরি হিসেবে বুন্দেসলিগায় অভিষেকের স্মৃতি হাতড়ে পেরেৎজ বলেন, "প্রথমবার যখন তার সাথে দেখা হলো, আমি এতই নার্ভাস ছিলাম যে কথাই বলতে পারছিলাম না।" বায়ার্নে অনুশীলনে হ্যারি কেনের পেনাল্টি ঠেকানোর অভিজ্ঞতাও তাকে পরিপক্ক করেছে। পেরেৎজের রসিকতা, "কেনের পেনাল্টি ঠেকানো প্রায় অসম্ভব। ১০টার মধ্যে একটা সেভ করতে পারলেও সেটা দারুণ পরিসংখ্যান!"

চলতি বছরের জানুয়ারিতে ৭ মিলিয়ন পাউন্ডের বাই অপশন’ চুক্তিতে সাউদাম্পটনে যোগ দেওয়ার পর থেকে দারুণ ছন্দে আছেন পেরেৎজ। তার উপস্থিতিতে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৪ ম্যাচে অপরাজিত রয়েছে সেইন্টস’রা। প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়ার লড়াইয়ে পেরেৎজ এখন দলের আস্থার প্রতীক। ক্লাবে স্থায়ী হওয়া প্রসঙ্গে তিনি জানান, "মৌসুমটি আগে ভালোভাবে শেষ করি, এরপর সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।"

নিবন্ধটিতে পেরেৎজের ব্যক্তিগত জীবনের বিষণ্ণ দিকটিও ফুটে উঠেছে। তার পরিবারের প্রায় সবাই তেল আবিবে বসবাস করছেন, যেখানে যুদ্ধের দামামা আর সাইরেনের শব্দ এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। পেরেৎজ বলেন, "পরিবারের জন্য দুশ্চিন্তা হলেও ফুটবলের সময় আমি শতভাগ মনোযোগ দেওয়ার চেষ্টা করি। আমি জানি, আমার পারফরম্যান্স ইসরায়েলের অনেক মানুষকে গর্বিত করে এবং তাদের মুখে হাসি ফোটায়।"

উল্লেখ্য, পেরেৎজ ও তার স্ত্রী ইসরায়েলি পপ তারকা নোয়া কাইরেলকে তাদের দেশে পশ অ্যান্ড বেকস’ (ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যাম) দম্পতির সঙ্গে তুলনা করা হয়।

আজকের ম্যাচ নিয়ে পেরেৎজের হুঙ্কার, "আর্সেনালের প্রতি আমাদের অনেক সম্মান আছে, কিন্তু আমরা কাউকে ভয় পাই না। আমাদের দলের কেউ যদি জয়ের ব্যাপারে শতভাগ বিশ্বাস না রাখে, তবে তার মাঠে আসাই উচিত নয়।"

এখন দেখার বিষয়, বায়ার্নের সেই শিক্ষার্থী’ পেরেৎজ আজ আর্সেনালের বিশ্বমানের ফরোয়ার্ডদের রুখে দিয়ে সাউদাম্পটনকে ওয়েম্বলির টিকিট এনে দিতে পারেন কি না।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন