থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান গেমস হকি বাছাইয়ে চরম নাটকীয়তার পর কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। স্থান নির্ধারণী প্লে-অফে হংকংকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে আগামী ২০২৬ জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন আমিরুল-আশরাফুলরা। নির্ধারিত সময়ের খেলা ৪-৪ গোলে ড্র থাকার পর ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।
ম্যাচের নির্ধারিত সময়ে সমতা থাকায় খেলা
গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। সেখানে প্রথম শটেই বাংলাদেশের রকি গোল করতে ব্যর্থ হলে প্রথমবারের
মতো এশিয়ান গেমসে জায়গা না পাওয়ার শঙ্কা জাগে। তবে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন
গোলরক্ষক বিপ্লব কুজুর। হংকংয়ের তিনটি হিট রুখে দিয়ে তিনি রাতারাতি নায়কের আসনে বসেন।
বাংলাদেশের পক্ষে রোকান, জয় ও ফজলে রাব্বি গোল করেন। রাব্বির শেষ শটটি জালে জড়াতেই
উৎসবে মেতে ওঠে লাল-সবুজ শিবির।
বাছাই পর্বে শ্রীলঙ্কার কাছে হার এবং উজবেকিস্তানের
সঙ্গে ড্রয়ের পর হংকংয়ের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। ম্যাচের
প্রথম ৫ মিনিটেই রকির পেনাল্টি কর্নার ও আমিরুলের পেনাল্টি স্ট্রোকে ২-০ গোলে এগিয়ে
যায় বাংলাদেশ। তবে হংকং দ্রুতই ব্যবধান কমায়। দ্বিতীয় কোয়ার্টার শেষে ২-১ ব্যবধানে
এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে হংকং সমতা ফেরানোর
পর ৪১ মিনিটে আশরাফুলের পেনাল্টি কর্নারে আবারও লিড নেয় বাংলাদেশ (৩-২)। চতুর্থ কোয়ার্টারের
শুরুতে হংকং ৩-৩ সমতা আনলে এক মিনিটের মাথায় আশরাফুল নিজের দ্বিতীয় গোল করে দলকে ৪-৩
ব্যবধানে এগিয়ে দেন। তবে নাটকের তখনও বাকি ছিল; পরের মিনিটেই পেনাল্টি স্ট্রোক থেকে
গোল করে ৪-৪ সমতা আনে হংকং। শেষ ১০ মিনিটে বাংলাদেশ তিনটি পেনাল্টি কর্নার পেলেও গোল
করতে না পারায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়।
বাছাই পর্বের শীর্ষ ছয় দল এশিয়ান গেমসে
খেলার সুযোগ পায়। হংকংকে হারানোয় বাংলাদেশের সেরা ছয় নিশ্চিত হয়েছে। এর ফলে ১৯৭৮ সাল
থেকে এশিয়ান গেমসে নিয়মিত খেলার যে ঐতিহ্য বাংলাদেশের রয়েছে, তা অক্ষুণ্ণ থাকল। যদিও
অতীতে এই বাছাই টুর্নামেন্টে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ এবার বেশ বাজে পারফরম্যান্স
করেছে।
পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে শুক্রবার
বাংলাদেশ মুখোমুখি হবে চাইনিজ তাইপের। গ্রুপ পর্বের দেখায় তাইপেকে ৪-৩ গোলে হারিয়েছিল
লাল-সবুজরা। সাফল্যের ধারায় ফিরতে পারার এই স্বস্তি নিয়েই এখন জাপানের টিকিট হাতে আইচি
এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে শুরু করবে বাংলাদেশ হকি দল।
বাংলাদেশের খবর/এম.আর

