Logo

খেলা

লক্ষ্য ‘বাংলাওয়াশ’

শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি মিরাজ বাহিনী

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৯:৫৯

শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি মিরাজ বাহিনী

ঘরের মাঠে নিউজিল্যান্ড মানেই বাংলাদেশের দাপট, আর কিউইদের জন্য একরাশ আতঙ্ক। সেই চেনা আঙিনায় শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হতে যাওয়া এই সিরিজের প্রথম ম্যাচটিকে ঘিরেই এখন সব উত্তেজনা।

আইপিএল ও পিএসএলের ব্যস্ততার কারণে নিউজিল্যান্ডের প্রথম সারির প্রায় ১৪-১৫ জন ক্রিকেটার এই সফরে নেই। টম ল্যাথামের নেতৃত্বে যে দলটি বাংলাদেশে এসেছে, সেখানে ইশ সোধি ছাড়া বর্তমান ওয়ানডে স্কোয়াডের নিয়মিত মুখ তেমন কেউ নেই। বিপরীতে, মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল অনেক বেশি অভিজ্ঞ এবং ভারসাম্যপূর্ণ। স্থানীয় ক্রিকেট বিশ্লেষকদের মতে, শক্তির বিচারে বাংলাদেশ কয়েক ধাপ এগিয়ে থাকলেও কিউইদের দলের অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

ইতিহাসের হাতছানি: মিশন বাংলাওয়াশ

ইতিহাস বলছে, ঘরের মাঠে নিউজিল্যান্ডকে দুবার হোয়াইটওয়াশ বা বাংলাওয়াশ করার অনন্য কীর্তি আছে বাংলাদেশের। ২০১০ সালে সাকিব আল হাসানের নেতৃত্বে ৫ ম্যাচের সিরিজে কিউইদের ৪-০ ব্যবধানে হারায় টাইগাররা। এরপর ২০১৩ সালে মুশফিকুর রহিমের অধিনায়কত্বে ৩ ম্যাচের সিরিজে কিউইদের সব কটিতেই হারায় বাংলাদেশ। তবে ২০২৩ সালের সর্বশেষ দেখায় মিরপুর ও নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতেছিল কিউইরা। ফলে এবারের সিরিজটি বাংলাদেশের জন্য সেই হারের প্রতিশোধ নেওয়ার এবং ঘরের মাঠে নিজেদের আধিপত্য পুনরুদ্ধারের লড়াই।

সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বেশ সতর্ক অবস্থান ব্যক্ত করেন। সিরিজ জয়ের চেয়েও তিনি গুরুত্ব দিচ্ছেন ভালো শুরুর ওপর।

মিরাজ বলেন, "শুরুটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্যটা ওভাবে সেট না করে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। প্রথম ম্যাচে ভালো ক্রিকেট খেলে জয় তুলে নেওয়াই আমাদের প্রধান টার্গেট।"

নিউজিল্যান্ড দল দুর্বল কি নাএমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, "নিউজিল্যান্ডকে ছোট করে দেখার কিছু নেই। পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সিরিজ জিততে পারলে এটি র‍্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমাদের জন্য বড় অর্জন হবে।"

গত কয়েক মাস ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সভাপতি পরিবর্তন ও প্রশাসনিক অস্থিরতা চললেও মিরাজ দাবি করেছেন, ক্রিকেটারদের ওপর এর কোনো প্রভাব নেই। অধিনায়ক স্পষ্ট জানান, "বাইরে কী হচ্ছে তা নিয়ে আমরা ভাবছি না। শেষ তিন সপ্তাহ আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমাদের কাজ মাঠে পারফর্ম করা।"

টাইগারদের হেড কোচ ফিল সিমন্স কিউইদের বেশ সমীহ করছেন। ধারণা করা হচ্ছে, গত মাসে পাকিস্তানের বিপক্ষে যে ধরনের গতি ও বাউন্সি উইকেটে বাংলাদেশ খেলেছে, নিউজিল্যান্ডের বিপক্ষেও তেমন স্পোর্টিং উইকেটে দেখা যেতে পারে। বাড়তি গতি ও উচ্চতার বোলারদের বিপক্ষে মিরাজ-শান্ত-হৃদয়রা কতটা সফল হন, সেটিই হবে দেখার বিষয়।

বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের লড়াইয়ে প্রতিটি পয়েন্টই এখন সোনার হরিণ। তাই ঘরের মাঠে চেনা কন্ডিশন কাজে লাগিয়ে আরও একটি সিরিজ জয়ের উৎসব করতে মুখিয়ে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ

প্রথম ম্যাচ: ১৭ এপ্রিল (শুক্রবার), সকাল ১১টা।

ভেন্যু: শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

অধিনায়ক (বাংলাদেশ): মেহেদী হাসান মিরাজ।

অধিনায়ক (নিউজিল্যান্ড): টম ল্যাথাম।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন