Logo

খেলা

ফিরে দেখা

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে গোলবন্যা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২১:১৪

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে গোলবন্যা

ফুটবল বিশ্বকাপের মহারণ শুরু হতে আর মাত্র ৫১ দিন বাকি। ২০২৬ বিশ্বকাপের কাউন্টডাউন হিসেবে ফিফা প্রতিদিন ফুটবল ইতিহাসের বিশেষ সব তথ্য ও পরিসংখ্যান ফুটবলপ্রেমীদের উপহার দিচ্ছে। আজকের পর্বে ফিফা কাউন্টডাউনে উঠে এসেছে বিশ্বকাপের সেমিফাইনালগুলোর এক অবিশ্বাস্য গোলবন্যার ইতিহাসের ওপর।

ফিফার তথ্য অনুযায়ী, ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপ থেকে শুরু করে ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপ পর্যন্তএই ৫টি আসরে মাত্র ১০টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই ১০টি ম্যাচেই গোল হয়েছিল মোট ৫১টি! অর্থাৎ সেমিফাইনালের মতো স্নায়ুচাপের ম্যাচেও প্রতি গেমে গড়ে ৫.১টি করে গোল হয়েছে, যা আধুনিক ফুটবলে অকল্পনীয়।

সেই সোনালী সময়ের হাই-স্কোরিং ম্যাচগুলো ছিল, ১৯৫৪: পশ্চিম জার্মানি ৬-১ অস্ট্রিয়া এবং হাঙ্গেরি ৪-২ উরুগুয়ে, ১৯৫৮: ব্রাজিল ৫-২ ফ্রান্স এবং সুইডেন ৩-১ পশ্চিম জার্মানি, ১৯৬২: ব্রাজিল ৪-২ চিলি এবং চেকোস্লোভাকিয়া ৩-১ যুগোস্লাভিয়া, ১৯৬৬: পশ্চিম জার্মানি ২-১ সোভিয়েত ইউনিয়ন এবং ইংল্যান্ড ২-১ পর্তুগাল, ১৯৭০: ব্রাজিল ৩-১ উরুগুয়ে এবং ইতালি ৪-৩ পশ্চিম জার্মানি। পরিসংখ্যানের গভীরতা বোঝাতে ফিফা উল্লেখ করেছে যে, এই মাত্র ৫টি আসরের সেমিফাইনালে হওয়া ৫১টি গোল পরবর্তী ১৩টি বিশ্বকাপের (৫২ গোল) প্রায় সমান!

বিশ্বকাপের ইতিহাসে কোনো একটি একক আসরে সেমিফাইনালে সবচেয়ে বেশি গোলের রেকর্ড হয়েছিল ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে। সেবার আর্জেন্টিনা ও উরুগুয়ে উভয় দলই তাদের প্রতিপক্ষ যথাক্রমে যুক্তরাষ্ট্র ও যুগোস্লাভিয়াকে ৬-১ ব্যবধানে পরাজিত করেছিল। তবে একক কোনো ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি আজও ২০১৪ সালের স্মৃতি মনে করিয়ে দেয়। বেলো হরিজন্তের সেই ঐতিহাসিক সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি।

উল্লেখ্য, আগামী জুন মাসে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে ফুটবলের এই মহোৎসব। সেমিফাইনালের সেই রোমাঞ্চ আর গোলবন্যা এবারও দেখা যাবে কি না, সেটাই এখন কোটি ফুটবল ভক্তের প্রতীক্ষা।

বাংলাদেশের খবর/এম.আর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফুটবল বিশ্বকাপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন