Logo

খেলা

বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২০:৫৯

বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয়ের স্বস্তির মাঝেই দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। স্লো ওভার রেটের কারণে দলের সব খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই শাস্তির কথা নিশ্চিত করেছে।

গত সোমবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম বোলিং করেছে বাংলাদেশ। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য সংশ্লিষ্ট দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। বাংলাদেশ ২ ওভার পিছিয়ে থাকায় জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ১০ শতাংশ।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া এই শাস্তি বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এই অভিযোগ আনেন।

উল্লেখ্য, ওই ম্যাচে কেবল আর্থিক জরিমানাই নয়, মাঠেই তাৎক্ষণিক শাস্তি ভোগ করতে হয়েছিল বাংলাদেশকে। স্লো ওভার রেটের কারণে কিউই ইনিংসের শেষ তিন ওভারে বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম নিয়ে বোলিং করতে হয় স্বাগতিকদের। যদিও নাহিদ রানার বিধ্বংসী ৫ উইকেটে নিউজিল্যান্ডকে ১৯৮ রানেই গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। পরে ৫ উইকেটের বড় জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় টাইগাররা।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম) সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে দুই দল। সিরিজ জয়ের মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে এমন শাস্তি দলের জন্য কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন