Logo

খেলা

ফিরে দেখা

ফিফা বিশ্বকাপে নকআউট পর্বের অপ্রতিদ্বন্দ্বী রাজা জার্মানি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ২১:২২

ফিফা বিশ্বকাপে নকআউট পর্বের অপ্রতিদ্বন্দ্বী রাজা জার্মানি

ফিফা ২০২৬ বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র ৪৯ দিন বাকি। এই বিশেষ ক্ষণগণনাকে স্মরণীয় করে রাখতে ফিফা প্রতিদিন ফুটবল ইতিহাসের একটি করে বিশেষ পরিসংখ্যান তুলে ধরছে। আজকের পর্বে উঠে এসেছে নকআউট পর্বের এক অপ্রতিদ্বন্দ্বী রেকর্ড, যার মুকুট একচ্ছত্রভাবে জার্মানির দখলে।

বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি জার্মানির। তারা এখন পর্যন্ত রেকর্ড ৪৯টি নকআউট ম্যাচ খেলেছে। বিস্ময়কর তথ্য হলো, ফুটবল সম্রাট ব্রাজিলের চেয়ে দুটি বিশ্বকাপ কম খেলেও এই তালিকায় শীর্ষে জার্মানরাই। ৪৪টি নকআউট ম্যাচ নিয়ে ব্রাজিল রয়েছে দ্বিতীয় স্থানে।

জার্মানি কেবল নকআউট ম্যাচেই নয়, পদক জয়ের ক্ষেত্রেও সবার উপরে। তারা বিশ্বকাপের মঞ্চে রেকর্ড ১২টি পদক জিতেছে, যার মধ্যে রয়েছে- ৪টি স্বর্ণ (চ্যাম্পিয়ন), ৪টি রৌপ্য (রানার্স-আপ), ৪টি ব্রোঞ্জ (তৃতীয় স্থান)।  এই ১২টি পদক তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের চেয়ে তিনটি বেশি। এমনকি বর্তমান ফুটবল বিশ্বের দুই শক্তি আর্জেন্টিনা ও ফ্রান্সের সম্মিলিত পদক সংখ্যার সমান পদক একাই জিতেছে জার্মানি।

বিশ্বকাপের ইতিহাসে জার্মানিই একমাত্র দেশ যারা টানা চারটি আসরে সেরা তিনের মধ্যে থেকে পোডিয়ামে দাঁড়িয়েছে। ২০০২ সালে রানার্স-আপ, ২০০৬ ও ২০১০ সালে তৃতীয় স্থান এবং সবশেষে ২০১৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তারা এই অবিশ্বাস্য ধারাবাহিকতা বজায় রেখেছিল। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। এই আসরে জার্মানি তাদের নকআউট ম্যাচের হাফ-সেঞ্চুরি পূরণ করতে পারে কি না, সেদিকেই এখন চোখ ফুটবল ভক্তদের।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন