এশিয়ান গেমস বাছাই
নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ২০:৩০
আইরিন আক্তার রিয়া
বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে যুক্ত হলো এক সোনালী অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার পর গঠিত নারী জাতীয় হকি দল তাদের আন্তর্জাতিক অভিষেকের দ্বিতীয় ম্যাচেই তুলে নিয়েছে প্রথম ঐতিহাসিক জয়। শুক্রবার ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস হকি বাছাই টুর্নামেন্টে শক্তিশালী উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের ফলে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন এখন হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।
ম্যাচের শুরু থেকেই উজবেকিস্তানের সঙ্গে
পাল্লা দিয়ে লড়তে থাকে বাংলাদেশের মেয়েরা। খেলার ১১ মিনিটে শারিকা রিমনের পেনাল্টি
কর্নার থেকে করা গোলে লিড নেয় বাংলাদেশ। তবে আনন্দের রেশ কাটতে না কাটতেই পরের মিনিটে
উজবেকিস্তানের মাদিনাবানু খুজায়েভা গোল করে সমতা ফেরান। ম্যাচের ২৪ মিনিটে কনা আক্তারের
চমৎকার ফিল্ড গোলে বাংলাদেশ আবারও ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতির পর
৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের তৃতীয় গোলটি করেন আইরিন আক্তার রিয়া। যদিও চতুর্থ
কোয়ার্টারের শুরুতে উজবেকিস্তান গোল করে ব্যবধান ৩-২-এ নামিয়ে আনে, তবে শেষ ১৪ মিনিট
জমাট রক্ষণ আগলে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে অর্পিতা-শারিকারা।
টানা দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ত্রাতা
হয়ে দেখা দিলেন আইরিন আক্তার রিয়া। বৃহস্পতিবার চাইনিজ তাইপের বিপক্ষে ড্র করা ম্যাচে
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম গোল করার গৌরব অর্জন করেছিলেন তিনি। শুক্রবার
উজবেকিস্তানের বিপক্ষেও গোল করে দলকে জেতানোর পাশাপাশি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন
তিনি। উচ্ছ্বসিত রিয়া বলেন, “আমি অনেক খুশি আজকের খেলায় সেরা
খেলোয়াড় হতে পেরে। এটি দলের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।”
গ্রুপ 'এ'-তে দুই ম্যাচে একটি জয় ও একটি
ড্র নিয়ে ৪ পয়েন্টসহ বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। টুর্নামেন্টের
নিয়ম অনুযায়ী, গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল সেমিফাইনাল খেলার সুযোগ পাবে। আর
সেমিফাইনালে ওঠা চারটি দলই সরাসরি জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে।
রোববার গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে মাত্র ১ পয়েন্ট
বা ড্র করতে পারলেই সেমিফাইনাল তথা এশিয়ান গেমস নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের নারীদের।
বাংলাদেশে হকির ঐতিহ্য দীর্ঘদিনের হলেও
এতদিন কোনো নারী সিনিয়র জাতীয় দল ছিল না। এই বাছাই টুর্নামেন্টকে সামনে রেখেই প্রথমবারের
মতো জাতীয় দল গঠন করা হয়। অভিষেকের মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে আন্তর্জাতিক জয় এবং এশিয়ান
গেমসের মতো বড় আসরে খেলার দোরগোড়ায় পৌঁছে যাওয়াকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি বিশাল
অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের খবর/এম.আর

