Logo

খেলা

বিশ্বকাপ খেলতে ইরানি খেলোয়াড়দের নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ২০:৩৪

বিশ্বকাপ খেলতে ইরানি খেলোয়াড়দের নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ফিফা বিশ্বকাপ

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানি জাতীয় দলের ফুটবলারদের যুক্তরাষ্ট্রে এসে খেলতে কোনো বাধা নেই। তবে দলের সঙ্গে আসা কোচিং স্টাফ বা অন্য কোনো সদস্যের যদি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সম্পৃক্ততা থাকে, তবে তাদের ভিসা দেবে না ওয়াশিংটন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানি দলের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। কারণ, ইরানের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা। এ বিষয়ে মার্কো রুবিও স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র কখনোই বলেনি যে তারা (খেলোয়াড়রা) আসতে পারবে না। সমস্যা অ্যাথলেটদের নিয়ে নয়, সমস্যা হলো তাদের সাথে আসতে চাওয়া ব্যক্তিদের নিয়ে যাদের আইআরজিসি-র সাথে সম্পর্ক রয়েছে।

তিনি আরও যোগ করেন, তারা একদল আইআরজিসি সন্ত্রাসীকে সাংবাদিক বা ট্রেইনার সাজিয়ে আমাদের দেশে পাঠাতে পারে না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আইআরজিসি-কে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সুরেই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, তার প্রশাসন ক্রীড়াবিদদের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলতে চায় না। তারা চান খেলোয়াড়রা আসুক, তবে নিরাপত্তা এবং নীতিমালার বিষয়ে কোনো আপস করা হবে না।

ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে তাদের জায়গায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। ট্রাম্পের ঘনিষ্ঠ এবং ইতালীয়-মার্কিন নাগরিক পাওলো জাম্পোলি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে এই প্রস্তাবটি দিয়েছিলেন। তবে ইতালির সরকার এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি বলেন, মাঠে খেলেই যোগ্যতা অর্জন করতে হয়, এভাবে আসাটা সমীচীন নয়। অর্থমন্ত্রী জিয়ানকার্লো জিওর্গেত্তি এই প্রস্তাবকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন, তারা বিশ্বকাপের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন। এর আগে ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার জন্য ফিফার কাছে অনুরোধ করেছিল, কিন্তু ফিফা তা প্রত্যাখ্যান করে। এখন ইরানের সরকার নিশ্চিত করেছে যে, তাদের খেলোয়াড়রা নির্ধারিত রুটিন অনুযায়ী যুক্তরাষ্ট্রে খেলতে যাবে।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে এই বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। ইরানের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় এখন ফুটবল প্রেমীদের নজর খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়া এবং রাজনৈতিক পরিস্থিতির দিকে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন