টানা সিরিজ জয়
বিশ্বকাপে সরাসরি খেলার পথে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ২০:৩৮
মাস কয়েক আগেও বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে যাওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও তৈরি হয়েছিল ঘোর অনিশ্চয়তা। তবে সেই খাদের কিনারা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের দল। তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টানা তিনটি সিরিজ জয় করে বাংলাদেশ এখন সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণে স্বস্তির অবস্থানে।
আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের ৩১ মার্চ
পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা ৮ দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে দক্ষিণ
আফ্রিকা এবং জিম্বাবুয়ে আয়োজক দেশ হওয়ায় তাদের সরাসরি খেলা নিশ্চিত। যেহেতু প্রোটিয়ারা
বর্তমানে র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে রয়েছে, তাই র্যাঙ্কিংয়ের সেরা ৯-এ থাকতে পারলেও
সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হবে বাংলাদেশের। বর্তমানে ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ৯
নম্বরে অবস্থান করছে। ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের (৭৭ পয়েন্ট) সঙ্গে বাংলাদেশের
পয়েন্ট ব্যবধান এখন ৬। ঘরের মাঠে নিউজিল্যান্ডের মতো শক্ত প্রতিপক্ষকে হারানোর পর বাংলাদেশ
যে নিরাপদ দূরত্ব তৈরি করেছে, তাতে আগামী এক বছরে বড় কোনো বিপর্যয় না ঘটলে সরাসরি বিশ্বকাপে
খেলার পথে আর কোনো বাধা দেখছেন না ক্রিকেট বিশ্লেষকরা।
অধিনায়ক মিরাজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে
তার তৃপ্তির কথা জানান। তবে তিনি কেবল বিশ্বকাপের টিকিটেই সন্তুষ্ট থাকতে চান না। মিরাজ
বলেন, “বিশ্বকাপে সরাসরি
খেলাটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি জরুরি ভালো ক্রিকেট খেলা। আমরা যদি ধারাবাহিক
পারফরম্যান্স ধরে রাখতে পারি, তবে সেরা নয় নয়, আমরা র্যাঙ্কিংয়ে আরও অনেক ওপরে যেতে
পারব।”
২০২৭ বিশ্বকাপ এবং আসন্ন এশিয়া কাপকে সামনে
রেখে এখন থেকেই পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। দলের গভীরতা বাড়াতে
রিশাদ হোসেনের পরিবর্তে তানভীর হোসেনকে সুযোগ দেওয়া তারই অংশ। মিরাজের ভাষায়, “আমরা চাইছি একটা
শক্তিশালী ব্যাকআপসহ দল তৈরি করতে। প্রতিটি খেলোয়াড়কে সুযোগ দিয়ে তাদের আত্মবিশ্বাস
যাচাই করা হচ্ছে, যেন বড় টুর্নামেন্টের আগে আমাদের কোনো ঘাটতি না থাকে।”
বিশ্বকাপের সমীকরণ পুরোপুরি নিশ্চিত করতে
বাংলাদেশের সামনে বড় পরীক্ষা হলো ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। যেহেতু
এই দুই দলই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উপরে, তাই তাদের বিপক্ষে সিরিজ হারলেও খুব বেশি
রেটিং পয়েন্ট হারাবে না টাইগাররা। তবে ঘরের মাঠের সুবিধা নিয়ে যদি একটি বা দুটি ম্যাচ
জেতা যায়, তবে র্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ার পাশাপাশি সরাসরি বিশ্বকাপ খেলার বিষয়টি এক
বছর আগেই চূড়ান্ত হয়ে যাবে।
বাংলাদেশের খবর/এম.আর

