Logo

খেলা

ফিরে দেখা

ফিফা বিশ্বকাপে রক্ষণভাগের অদম্য রাজা ব্রাজিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ২০:৪৪

ফিফা বিশ্বকাপে রক্ষণভাগের অদম্য রাজা ব্রাজিল

ফিফা বিশ্বকাপ

২০২৬ ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৪৮ দিন বাকি। বিশ্ব আসরের এই রোমাঞ্চকর ক্ষণগণনা উপলক্ষে ফিফা প্রতিদিন ফুটবল ইতিহাসের বিশেষ সব পরিসংখ্যান তুলে ধরছে। আজকের পরিসংখ্যানে উঠে এসেছে বিশ্বকাপের মঞ্চে গোলপোস্ট অক্ষত রাখা বা ক্লিন শিট রাখার লড়াইয়ে দলগুলোর দাপটের চিত্র।

বিশ্বকাপের ইতিহাসে প্রতিপক্ষের আক্রমণ রুখে দিয়ে গোল হজম না করার রেকর্ডে সবার উপরে অবস্থান করছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসে তারা রেকর্ড ৪৮টি ম্যাচে কোনো গোল হজম করেনি (ক্লিন শিট)। ব্রাজিলের পর এই তালিকায় ধারাবাহিকভাবে রয়েছে জার্মানির ৪১টি ক্লিন শিট, ইংল্যান্ডের ৩৬টি ক্লিন শিট আর ইতালির ৩২টি ক্লিন শিট।

ব্রাজিলের এই অভাবনীয় রেকর্ডের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন তাদের কিংবদন্তি গোলরক্ষকরা। সেলেসাওদের হয়ে সর্বোচ্চ ক্লিন শিট রাখার তালিকায় শীর্ষে আছেন যৌথভাবে এমারসন লিও এবং টাফারেল (উভয়েই ৮টি করে ম্যাচ)। এরপর রয়েছেন গিলমার (৭টি), অ্যালিসন বেকার (৫টি) এবং কার্লোস (৪টি)। উল্লেখ্য, গোলরক্ষক কার্লোস এবং পর্তুগালের এদুয়ার্দোর দখলে রয়েছে বিশ্বকাপের ইতিহাসে প্রতি ম্যাচে সবচেয়ে কম গোল খাওয়ার এক অনন্য রেকর্ড।

বিশ্বকাপে অন্তত দুইবার অংশগ্রহণ করেছে এমন দলগুলোর মধ্যে মাত্র পাঁচটি দল প্রতি ম্যাচে গড়ে একটিরও কম গোল হজম করেছে। এই তালিকার শীর্ষে রয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ড (০.৭৭)। এরপর যথাক্রমে রয়েছে ইংল্যান্ড- ০.৯২, ইতালি- ০.৯৩, নেদারল্যান্ডস- ০.৯৪৫, ব্রাজিল- ০.৯৪৭।

রক্ষণভাগের এই জমাট লড়াই ফুটবল প্রেমীদের মনে করিয়ে দিচ্ছে যে, কেবল আক্রমণভাগ নয়, গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরীদের দৃঢ়তাই একটি দলকে শিরোপার পথে নিয়ে যায়। আগামী ৪৮ দিন পর উত্তর আমেরিকার মাটিতে এই রক্ষণভাগের লড়াই আবারও নতুন রূপে দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন