আইসিসি র্যাঙ্কিংয়ে তিন বাংলাদেশি পেসারের বড় লাফ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ২০:৪৮
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই সুখবর এলো আইসিসি থেকে। কিউইদের বিপক্ষে মাঠের সেই দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন ঘটেছে আইসিসির সবশেষ র্যাঙ্কিং হালনাগাদে। বোলিং বিভাগে তিন পেসার শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন।
ব্যাটারদের মধ্যে উন্নতি হয়েছে নাজমুল
হোসেন শান্ত ও লিটন দাসের। আর অলরাউন্ডার তালিকায় অনন্য উচ্চতায় পৌঁছেছেন মেহেদী হাসান
মিরাজ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে
বাংলাদেশের জয়ের মূল কারিগর ছিলেন ফাস্ট বোলাররা। তিন ম্যাচে এই সিরিজের দুই দলের মোট
উইকেটের একটি বড় অংশ ভাগ করে নিয়েছেন বাংলাদেশের তিন পেসার—শরিফুল, মোস্তাফিজ ও নাহিদ
রানা। তারা সম্মিলিতভাবে শিকার করেছেন ১৮টি উইকেট। এই দাপুটে পারফরম্যান্সের সুবাদে
বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৮তম স্থানে উঠে এসেছেন।
সিরিজের মাত্র এক ম্যাচ খেলেই ৫ উইকেট
নেওয়া ‘কাটার মাস্টার’
মোস্তাফিজুর রহমান ১৪ ধাপ লাফ দিয়েছেন; তার বর্তমান অবস্থান ৪১তম। তবে সবচেয়ে বড় চমক
দেখিয়েছেন তরুণ তুর্কি নাহিদ রানা। সিরিজ সেরা এই পেসার ১৬ ধাপ এগিয়ে সেরা পঞ্চাশে
জায়গা করে নিয়েছেন। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব দেখানো
রানা এখন অবস্থান করছেন ৪৮তম স্থানে।
বোলারদের পাশাপাশি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়েও
বাংলাদেশের ক্রিকেটারদের জন্য রয়েছে সুসংবাদ। সিরিজের একমাত্র সেঞ্চুরিয়ান ও দলের অন্যতম
নির্ভরযোগ্য ব্যাটার নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ উন্নতি করে ৩২তম স্থানে উঠে এসেছেন।
অন্যদিকে, ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া ওপেনার লিটন দাস ৩ ম্যাচে ১২৯ রান করে ১৫ ধাপ এগিয়েছেন।
তার বর্তমান অবস্থান ৬৫তম।
টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান
মিরাজ আবারও প্রমাণ করলেন কেন তাকে দলের ‘অটোমেটিক চয়েজ’ বলা হয়। চট্টগ্রাম সিরিজ
নির্ধারণী ম্যাচে ৩৬ রান ও ২ উইকেট নিয়ে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। এই পারফরম্যান্সের
সুবাদে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে মিরাজ এখন যৌথভাবে বিশ্বের ৩ নম্বর ওয়ানডে
অলরাউন্ডার। তার এবং আফগান তারকা মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট সমান ২৭৫। এই তালিকার
শীর্ষে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই (৩২৯)।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে
শুরু হওয়া টি-টোয়েন্টি ফরম্যাটের প্রথম ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচের পারফরম্যান্সও
প্রভাব ফেলেছে র্যাঙ্কিংয়ে। তাওহীদ হৃদয় ম্যাচজয়ী ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে ৯
ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠে এসেছেন, পারভেজ হোসেন ইমন ৩ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায়
৪০তম স্থানে জায়গা করে নিয়েছেন আর শেখ মাহেদী হাসান বল হাতে দারুণ ছন্দে থাকা এই অফ-স্পিনার
৩ ধাপ উন্নতি করে বোলারদের তালিকায় ১৮ নম্বরে উঠে এসেছেন।
বাংলাদেশের খবর/এম.আর

