Logo

খেলা

লঙ্কান ক্রিকেট বোর্ডে রদবদল: সাঙ্গাকারাসহ ৯ সদস্যের কমিটি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ২০:৫০

লঙ্কান ক্রিকেট বোর্ডে রদবদল: সাঙ্গাকারাসহ ৯ সদস্যের কমিটি

কুমার সাঙ্গাকারা

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ডের অচলাবস্থা কাটাতে এবং স্বচ্ছতা ফিরিয়ে আনতে ৯ সদস্যের একটি শক্তিশালী ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করেছে দেশটির সরকার। গত বুধবার বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর এই ঘোষণা আসে। নবগঠিত এই কমিটির সবচেয়ে বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। মূলত লঙ্কান ক্রিকেটের কাঠামো পুরোপুরি ঢেলে সাজাতেই সরকারের এই বিশেষ উদ্যোগ।

সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট করপোরেট ব্যক্তিত্ব এরান বিক্রমরত্নেকে এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখতে তিনি তার বর্তমান রাজনৈতিক দলের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। কমিটিতে কুমার সাঙ্গাকারা ছাড়াও সাবেক ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রোশান মহানামা এবং সিদাথ ওয়েত্তিমুনি। ৯ সদস্যের এই কমিটিতে ক্রীড়াবিদদের পাশাপাশি আইনি বিশেষজ্ঞ ও করপোরেট ব্যক্তিত্বদের প্রাধান্য দেওয়া হয়েছে। কমিটির একমাত্র নারী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব অবন্তী কলম্বেজ।

কমিটির চেয়ারম্যান এরান বিক্রমরত্নে লঙ্কান ক্রিকেটের হারানো গৌরব পুনরুদ্ধারে দুটি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছেন। প্রথমত, বোর্ড পরিচালনার বর্তমান গঠনতন্ত্র আধুনিকায়ন করা। বিক্রমরত্নে জানান, দীর্ঘদিনের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে একটি শক্তিশালী ও স্বচ্ছ গঠনতন্ত্র প্রণয়ন করা হবে, যা শাসনের মূল ভিত্তি হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত, মাঠের খেলায় শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা।

চেয়ারম্যানের ভাষায়, "আমরা জাতীয় দলগুলোর জন্য বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং অবকাঠামো তৈরি করব। এমন একটি ইনসেনটিভ মডেল দাঁড় করানো হবে যা খেলোয়াড়দের ধারাবাহিকভাবে বিশ্বমানের পারফরম্যান্স উপহার দিতে উদ্বুদ্ধ করবে।"

সম্প্রতি ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ভরাডুবির পর সাবেক সভাপতি শাম্মি সিলভার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে লঙ্কান ক্রিকেট অঙ্গন। টানা তিনবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সিলভার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির পাহাড়সম অভিযোগ ছিল। জনরোষ ও সরকারের চাপের মুখে অবশেষে সেই প্রভাবশালী চক্রের বিদায় ঘণ্টা বাজল।

লঙ্কান ক্রিকেটে সরকারের এই সরাসরি হস্তক্ষেপ নিয়ে ক্রীড়ামহলে কিছুটা উদ্বেগ রয়েছে। কারণ, ২০২৩ সালে একই ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেটকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল আইসিসি। তবে এবার লঙ্কান সরকার বেশ সতর্ক। তারা কমিটির প্রধান হিসেবে বর্তমান সরকারের বদলে বিরোধী দলের একজনকে রেখেছে এবং আইসিসির নিয়মনীতি কঠোরভাবে পালনের প্রতিশ্রুতি দিয়েছে।

ট্রান্সফরমেশন কমিটির সদস্যরা হলেন এরান বিক্রমরত্নে (চেয়ারম্যান), কুমার সাঙ্গাকারা, রোশান মহানামা, সিদাথ ওয়েত্তিমুনি, প্রকাশ শাফটার, অবন্তী কলম্বেজ, তুষিরা রাদেলা, উপুল কুমারাপেরুমা এবং দিনাল ফিলিপস।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন