Logo

খেলা

বন্ধু নেইমারকে বিশ্বকাপে চান মেসি

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৬:২০

বন্ধু নেইমারকে বিশ্বকাপে চান মেসি

ছবি: সংগৃহীত

ক্লাব ফুটবলে দুজনের পথ দুই দিকে বেঁকে গেছে। তবে সম্পর্কে ফাটল ধরেনি। দুজনের বন্ধুত্ব এখনও অটুট। তবে স্রেফ বন্ধুত্বের কারণে নয়, একজন ফুটবলার ও মানুষ হিসেবে নেইমারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাকে যে কোনো অবস্থায় বিশ্বকাপে দেখতে চান মেসি।

নেইমারের বিশ্বকাপ ভাগ্য এখনও সুতোয় ঝুলছে। কোচ কার্লো আনচেলত্তি বেশ কবারই বলেছেন, শতভাগ ফিট হতে পারলেই কেবল তাকে নেওয়া হবে বিশ্ব আসরে।

৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসের সফলতম গোলস্কোর নেইমার। কিন্তু ২০২৩ সালের সেই ভয়াবহ চোটের পর তাকে আর ব্রাজিলের জার্সিতে দেখা যায়নি। গত জুনে আনচেলত্তি কোচের দায়িত্ব নেওয়ার পরও সেখানে কোনো পরিবর্তন আসেনি। গত কয়েক মাসে যদিও সান্তোসের হয়ে তার ফিটনেস ও পারফরম্যান্সে উন্নতির ছাপ দেখা গেছে। সেসবকে যথেষ্ট মনে হয়নি কোচের।

তবে নেইমারের ক্ষেত্রে এসব মানদণ্ড জরুরি মনে করেন না মেসি। ‘লো দেল পোশো শো’-তে আর্জেন্টাইন ইউটিউবার পোশো আলভারেসকে আর্জেন্টাইন তারকা বলেন, ব্রাজিলিয়ান তারকাকে যে কোনো অবস্থায়ই বিশ্বকাপে দেখতে চান তিনি এবং এখানে তিনি নিরপেক্ষ হতেও চান না।

‘আমরা চাই সেরা খেলোয়াড়রাই সেখানে (বিশ্বকাপে) থাকুক এবং নেইমারের ফর্ম যেমনই হোক না কেন, সবসময়ই তাদের (সেরাদের) মধ্যে একজন থাকবে। ব্রাজিল এবং ফুটবলের জন্য সে যতটা গুরুত্বপূর্ণ, সেই কারণেই তাকে বিশ্বকাপে দেখতে পাওয়াটা দারুণ হবে। আশা করি সে বিশ্বকাপে থাকতে পারবে। এই জায়গায় আমি নিরপেক্ষ হতে পারি না, কারণ যে কোনো অবস্থায় তাকে সবসময় সেখানে থাকতে হবেই।’

‘এখানে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। নেইমার আমার বন্ধু... অবশ্যই, আমি চাইব সে বিশ্বকাপে থাকুক, তার সঙ্গে ভালো কিছু ঘটুক, কারণ সে যে ধরনের মানুষ, তাতে এটা তার প্রাপ্য। আশা করি সেখানে সে থাকতে পারবে।’

নেইমারের ধরন, তার মানসিকতা নিয়ে অনেক ধরনের কথাও প্রচলিত আছে ফুটবল বিশ্বে। তবে ৩৪ বছল বয়সী ফুটবলারের সেই ধরনটাই ভালো লাগে তার ৩৮ বছর বয়সী বন্ধুর।

‘তার এক বিশেষ ধরনের জাদুকরী ব্যাপার আছে। কৃত্রিমতা নেই তার ভেতর, পরিণতির চিন্তা না করে নিজের মতো করে জীবনযাপন করে। সে তার মতো করে বাঁচে, খুবই সুখী এবং খুবই সহজাত।’

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন