Logo

খেলা

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১৮:০০

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে সফরকারীদের মাত্র ১৬৩ রানে গুটিয়ে দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় টেস্ট জয়। দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার পর ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সেই সিরিজে ২-০ ব্যবধানে জয় পাওয়ার পর এবার ঘরের মাঠ মিরপুরেও জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়ল নাজমুল হোসেন শান্তর দল।

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ইমাম-উল-হককে ফেরান তাসকিন আহমেদ। এরপর আজান আওয়াইস ও শান মাসুদ দ্রুত বিদায় নিলে সফরকারীরা চাপে পড়ে যায়।

চতুর্থ উইকেটে আব্দুল্লাহ ফজল ও সালমান আগা কিছুটা প্রতিরোধ গড়লেও সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে এনে দেন নাহিদ রানা। নিজের গতিময় বোলিংয়ে তিনি মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলকে দ্রুত ফিরিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান।

শেষ পর্যন্ত ৪০ রানে ৫ উইকেট নিয়ে ইনিংসে ফাইফার পূর্ণ করেন নাহিদ। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম নেন দুটি করে উইকেট।

এর আগে প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ফিফটিতে ৪১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে শান্তর ৮৭ রানের ইনিংসে ভর করে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

শেষ পর্যন্ত বাংলাদেশের শৃঙ্খলিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। মিরপুরের এই জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসে আরেকটি গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন