সিলেট টেস্ট
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৬, ২০:৫৬
চায়ের দেশ সিলেটে কি ফিরবে টাইগারদের জয়ের সুবাতাস? পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু নিয়ে গত কয়েক দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ১৫ সদস্যের অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। আগামী ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের শেষ লড়াই।
গত কয়েক দিন ধরেই সিলেটে বৈরি আবহাওয়ার
পূর্বাভাস এবং বৃষ্টির শঙ্কার কারণে ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিল যে, দ্বিতীয় টেস্টের
ভেন্যু পরিবর্তন করে ঢাকা বা অন্য কোথাও সরিয়ে নেওয়া হতে পারে। তবে মঙ্গলবার বিসিবির
পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সিলেটেই হবে ম্যাচটি।
বোর্ডের মতে, নির্দিষ্ট সময় হাতে রেখে মাঠ ও কন্ডিশন প্রস্তুত করা হয়েছে এবং আবহাওয়ার
গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করেই সিলেটে খেলার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
মিরপুরে সিরিজের প্রথম টেস্ট চলাকালীনই
দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে নির্বাচক প্যানেল। কোনো কাটাছেঁড়া ছাড়াই প্রথম টেস্টের
১৫ জনকেই রাখা হয়েছে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে। ওপেনিং জুটি নিয়ে অস্বস্তি থাকলেও টিম
ম্যানেজমেন্ট বর্তমান ক্রিকেটারদের ওপরই আস্থা রাখতে চাইছে।
এই সিরিজে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক
পেয়েছেন হার্ডহিটিং ব্যাটার তানজিদ হাসান তামিম এবং ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে
থাকা অমিত হাসান। মিরপুর টেস্টের একাদশে তাঁদের জায়গা না হলেও সিলেটের কন্ডিশনে পরিবর্তনের
গুঞ্জন রয়েছে। বিশেষ করে ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় সাম্প্রতিক সময়ে
প্রত্যাশা অনুযায়ী রান না পাওয়ায়, টপ-অর্ডারে শক্তি বাড়াতে এই দুই নবীনের কাউকে অভিষেক
করিয়ে দিতে পারে বিসিবি।
প্রথম টেস্টে দলের প্রাপ্তির খাতায় বড়
জায়গা দখল করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুমিনুল হক। তাঁদের ব্যাটিং
দৃঢ়তা বাংলাদেশকে ম্যাচে লড়াই করার পুঁজি দিয়েছে। বোলিং বিভাগে তাসকিন আহমেদ তাঁর গতির
ঝড় অব্যাহত রেখেছেন এবং মেহেদী হাসান মিরাজ অলরাউন্ড নৈপুণ্য দিয়ে দলের অপরিহার্য হয়ে
উঠেছেন। এছাড়া দীর্ঘ চোট কাটিয়ে ফেরা এবাদত হোসেন চৌধুরী ও তরুণ নাহিদ রানাদের বোলিং
আক্রমণ নিয়ে আশাবাদী কোচ।
দ্বিতীয় টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন
শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম,
লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত
হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।
বাংলাদেশের খবর/এম.আর

