Logo

খেলা

বিসিবি নির্বাচনে ৩ সদস্যের কমিশন গঠন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ২০:২৯

বিসিবি নির্বাচনে ৩ সদস্যের কমিশন গঠন

দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক ডামাডোল শুরু হয়েছে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে নির্বাচনের পথে হাঁটা শুরু করেছে বর্তমান অ্যাডহক কমিটি। এরই ধারাবাহিকতায় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিন সদস্য বিশিষ্ট শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি। গঠিত এই কমিশন ২০২৬ সালের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের যাবতীয় আইনি প্রক্রিয়া, তদারকি ও ভোট গ্রহণের সার্বিক দায়িত্ব পালন করবে।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচন কমিশনের প্রধান (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিমকে। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং আইনি জটিলতা নিরসনে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বোর্ড। কমিশনের বাকি দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উপসচিব এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এ. বি. এম. এহসানুল মামুন।

বোর্ড জানিয়েছে, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এবং বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। বিসিবির এই নির্বাচনের প্রেক্ষাপট বেশ নাটকীয়। গত বছর অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হয়েছিলেন এবং তাদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তবে সেই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। পরবর্তীতে তদন্তে নামে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

তদন্তে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের বিরুদ্ধে নির্বাচনে ব্যাপক অনিয়ম, কাউন্সিলরশিপ প্রদানে অস্বচ্ছতা এবং গঠনতন্ত্র লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে গত ৭ এপ্রিল এনএসসি তাদের বিশেষ ক্ষমতাবলে তৎকালীন পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। একই দিনে জাতীয় দলের সফলতম ওপেনার তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এনএসসি থেকে এই কমিটিকে তিন মাসের (৯০ দিন) মধ্যে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন মেয়াদের পর্ষদ গঠন করার আইনি বাধ্যবাধকতা দেওয়া হয়েছিল।

বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন। যদিও তাদের হাতে ৯০ দিন সময় ছিল, তবে তামিম জানিয়েছিলেন তিনি নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ ৬০ দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে চান। বুধবারের বিজ্ঞপ্তির মাধ্যমে এটি পরিষ্কার যে, তামিমের নেতৃত্বাধীন বোর্ড সেই লক্ষ্যেই দ্রুত এগোচ্ছে।

গত কয়েকদিন আগে এক সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের। উল্লেখযোগ্য বিষয় হলো, আসন্ন এই নির্বাচনে তামিম ইকবাল নিজেও একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আভাস দিয়েছেন।

নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া ইতিমধ্যেই গতি পেয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, কাউন্সিলরদের নাম চেয়ে বিভিন্ন ক্লাব, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে। আগামী ১৬ মে বিকেল ৫টার মধ্যে কাউন্সিলরদের তালিকা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। এই তালিকা প্রাপ্তির পর নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা বা খসড়া তালিকা প্রকাশ করবে। এরপরই শুরু হবে মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার প্রক্রিয়া।

আগামী কয়েক দিনের মধ্যেই নবগঠিত কমিশন নির্বাচনের বিস্তারিত তফসিল (ভোটের তারিখ, মনোনয়ন প্রত্যাহার ও আপিল সংক্রান্ত তথ্য) ঘোষণা করবে।

 

বাংলাদেশের খবর/এম.আর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন