Logo

খেলা

হামবুর্গের ইতিহাসে প্রথম নারী স্পোর্টস ডিরেক্টর ক্যাথলিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ২০:৩১

হামবুর্গের ইতিহাসে প্রথম নারী স্পোর্টস ডিরেক্টর ক্যাথলিন

ক্যাথলিন ক্রুগার

জার্মান ফুটবলের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করল হামবুর্গ এসভি। ক্লাবটির গুরুত্বপূর্ণ 'স্পোর্টিং ডিরেক্টর' পদে প্রথমবারের মতো কোনো নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুন্দেসলিগার অভিজাত ক্লাবটির দায়িত্ব গ্রহণ করেছেন ৪০ বছর বয়সী ক্যাথলিন ক্রুগার। এর মাধ্যমে জার্মান ফুটবলের শীর্ষ পর্যায়ে কোনো ক্লাবের নীতি-নির্ধারণী পদে প্রথম নারী হিসেবে নাম লেখালেন তিনি।

চলতি বছরের শুরুতে ক্লাবের সাবেক স্পোর্টিং ডিরেক্টর স্টিফান কুন্টজ পদত্যাগ করলে পদটি শূন্য হয়। বেশ কয়েকমাস ধরে যোগ্য উত্তরসূরির সন্ধানে ছিল হামবুর্গ কর্তৃপক্ষ। অবশেষে অভিজ্ঞ ক্যাথলিন ক্রুগারের ওপরই ভরসা রাখল 'দ্য ডাইনোসর' খ্যাত ক্লাবটি। তাঁর দক্ষতা ও দূরদর্শিতার ওপর ক্লাবের আস্থা এতটাই বেশি যে, ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে তাঁকে আবদ্ধ করা হয়েছে। ক্যাথলিন ক্রুগার ফুটবল অঙ্গনে কোনো নতুন মুখ নন। জার্মানির অন্যতম সেরা ক্লাব বায়ার্ন মিউনিখের কাঠামোর সঙ্গে তিনি ১৭ বছর যুক্ত ছিলেন। বায়ার্নে তিনি দলের ম্যানেজার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

সর্বশেষ তিনি বায়ার্নের 'হেড অফ অর্গানাইজেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার' (সংগঠন ও অবকাঠামো প্রধান) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বায়ার্নের টানা সাফল্য এবং ক্লাবের অভ্যন্তরীণ শৃঙ্খলার পেছনে তাঁর বিশাল ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।

জার্মান বুন্দেসলিগায় সাধারণত মাঠের বাইরের শীর্ষ প্রশাসনিক ও কৌশলগত পদগুলোতে পুরুষদের আধিপত্য দেখা যায়। ক্রুগারের এই নিয়োগ সেই দীর্ঘদিনের প্রথা ভেঙে দিল। হামবুর্গ এসভি কর্তৃপক্ষের এই সাহসী সিদ্ধান্তকে বিশ্ব ফুটবলে লিঙ্গবৈষম্য দূর করার পথে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা।

দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাথলিন ক্রুগারের বিশাল অভিজ্ঞতা এবং কৌশলগত পরিকল্পনা হামবুর্গকে পুনরায় সাফল্যের চূড়ায় নিয়ে যেতে সাহায্য করবে। হানসেটিক এই ক্লাবটি বর্তমানে নিজেদের পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে ক্রুগারের নেতৃত্ব হবে মূল চালিকাশক্তি।

 

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন