Logo

খেলা

ফিরে দেখা

বিশ্বকাপের নকআউট পর্বে অপ্রতিদ্বন্দ্বী ফ্রান্স

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ২০:৩৩

বিশ্বকাপের নকআউট পর্বে অপ্রতিদ্বন্দ্বী ফ্রান্স

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র ২৮ দিন বাকি। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই মেগা ইভেন্টকে সামনে রেখে প্রতিদিন বিশেষ পরিসংখ্যান প্রকাশ করছে ফিফা। বুধবার প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে গত পাঁচটি বিশ্বকাপে ফ্রান্সের বিস্ময়কর আধিপত্যের কথা, বিশেষ করে টুর্নামেন্টের নকআউট পর্বে।

পরিসংখ্যান বলছে, গত পাঁচটি বিশ্বকাপে নকআউট পর্বে ফ্রান্সের গোলসংখ্যা ২৯টি, যা অন্য যেকোনো দলের চেয়ে বেশি। এই তালিকায় ফ্রান্সের পরেই রয়েছে জার্মানি (২৮ গোল), আর্জেন্টিনা (২১ গোল) এবং ব্রাজিল (২০ গোল)। নকআউট পর্বে এই দুর্দান্ত পারফরম্যান্সই ফরাসিদের সাফল্যের মূল চাবিকাঠি। এই গোলবন্যার ওপর ভর করেই ফ্রান্স ২০১৮ সালে শিরোপা জিতেছে এবং ২০০৬ ও ২০২২ সালে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

রাশিয়া (২০১৮) এবং কাতার (২০২২) বিশ্বকাপের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ফ্রান্স গ্রুপ পর্বের চেয়ে নকআউট পর্বে অনেক বেশি বিধ্বংসী। গ্রুপ পর্বে তাদের ম্যাচ প্রতি গড় গোল যেখানে ১.৫টি, সেখানে নকআউট পর্বে তা বেড়ে দাঁড়ায় ম্যাচ প্রতি গড়ে ২.৬৩টি। অর্থাৎ বাঁচা-মরার লড়াইয়ে ফরাসি আক্রমণভাগ আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। ফ্রান্সের এই গোলমেশিনের নাম কিলিয়ান এমবাপ্পে।

মাত্র দুই বিশ্বকাপে অংশ নিয়ে নকআউট পর্বের ৮ ম্যাচে ৮টি গোল করেছেন তিনি। এর মাধ্যমে নকআউট পর্বের ইতিহাসে ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় লিওনিদাস এবং দ্য ফেনোমেনন’ রোনালদোর পাশে যৌথভাবে শীর্ষ গোলদাতার আসনে বসেছেন এমবাপ্পে। ২০২৬ বিশ্বকাপে এমবাপ্পের সামনে সুযোগ থাকছে আর মাত্র একটি গোল করে এই দুই ব্রাজিলিয়ান গ্রেটকে ছাড়িয়ে নকআউট পর্বের একক রাজা হওয়ার।

ফুটবলপ্রেমীদের নজর এখন উত্তর আমেরিকার তিন দেশে (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা), যেখানে আগামী মাসেই শুরু হচ্ছে মাঠের লড়াই। ফরাসিরা কি পারবে তাদের নকআউট পর্বের এই আধিপত্য বজায় রাখতে? উত্তর মিলবে সময়ের সাথে।

 

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন