Logo

খেলা

এমএলএসে মেসির রাজত্ব: বছরে আয় ২৮ মিলিয়ন ডলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ২০:৩৫

এমএলএসে মেসির রাজত্ব: বছরে আয় ২৮ মিলিয়ন ডলার

লিওনেল মেসি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির আধিপত্য শুধু মাঠের পারফরম্যান্সেই সীমাবদ্ধ নেই, উপার্জনের দিক থেকেও তিনি এখন ধরাছোঁয়ার বাইরে। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ইন্টার মিয়ামিতে আর্জেন্টাইন মহাতারকার মূল বেতন দ্বিগুণ বেড়ে এখন বার্ষিক ২৮.৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ বেতনধারীর চেয়েও দ্বিগুণ আয়: প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, মেসির বার্ষিক মূল বেতন ২৫ মিলিয়ন ডলার, যা গ্যারান্টিড ক্ষতিপূরণসহ মোট ২৮.৩ মিলিয়ন ডলারে পৌঁছায়। মজার ব্যাপার হলো, লিগের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার সন হিউং-মিনের চেয়ে মেসির আয় দ্বিগুণেরও বেশি। গত আগস্টে টটেনহ্যাম থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দেওয়া দক্ষিণ কোরিয়ান তারকা সনের বর্তমান বার্ষিক বেতন ১০.৩৬ মিলিয়ন ডলার (মোট ক্ষতিপূরণ ১১.২ মিলিয়ন)।

২০২৮ পর্যন্ত মিয়ামিতেই থাকছেন মেসি: গত অক্টোবরে ইন্টার মিয়ামির সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত ফ্লোরিডার এই ক্লাবেই থাকছেন তিনি। তবে এই ২৮.৩ মিলিয়ন ডলারের মধ্যে মেসির বাণিজ্যিক এনডোর্সমেন্ট (বিজ্ঞাপন) বা ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবে তাঁর শেয়ার কেনার সুযোগের আয় অন্তর্ভুক্ত নেই। সেগুলো যুক্ত করলে মেসির প্রকৃত আয় আরও বহুগুণ বেড়ে যাবে।

এমএলএসে সর্বোচ্চ বেতনভোগী শীর্ষ ৫ খেলোয়াড়ের মধ্যে লিওনেল মেসি (ইন্টার মিয়ামি) ২৮.৩ মিলিয়ন ডলার, সন হিউং-মিন (এলএএফসি) ১১.২ মিলিয়ন ডলার, রদ্রিগো ডি পল (ইন্টার মিয়ামি) ৯.৭ মিলিয়ন ডলার, ইর্ভিং লোজানো (সান ডিয়েগো) ৯.৩ মিলিয়ন ডলার আর মিগুয়েল আলমিরন (আটলান্টা) ৭.৯ মিলিয়ন ডলার |

মিয়ামির দাপট ও লিগের চিত্র: ইন্টার মিয়ামি বর্তমানে এমএলএসের সবচেয়ে ব্যয়বহুল দল। দলটির মোট পে-রোল বা বেতনের খরচ ৫৪.৬ মিলিয়ন ডলার, যা লিগের সর্বনিম্ন বেতন প্রদানকারী দল ফিলাডেলফিয়ার (১১.৭ মিলিয়ন) চেয়ে প্রায় পাঁচগুণ বেশি। মাঠের পারফরম্যান্সেও মেসি নিজেকে অনন্য প্রমাণ করেছেন। মিয়ামির হয়ে ৬৪ ম্যাচে ৫৯টি গোল করেছেন তিনি।

গত মৌসুমে ২৯ গোল করে টানা দ্বিতীয়বারের মতো লিগের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন। আগামী মাসে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামার আগে মেসির এই দুর্দান্ত ফর্ম এবং বিশাল আয় ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

বাংলাদেশের খবর/এম.আর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

লিওনেল মেসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন