ক্রিশ্চিয়ানো রোনালদো
সৌদি প্রো লিগের ইতিহাসে ১১তম শিরোপা জয়ের খুব কাছে গিয়েও হতাশায় পুড়তে হলো ক্রিশ্চিয়ানো রোনালদোকে। মঙ্গলবার রাতে রিয়াদ ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের বিপক্ষে জয়ের একদম দ্বারপ্রান্তে ছিল আল-নাসর। কিন্তু ইনজুরি টাইমে নিজেদের গোলরক্ষক বেন্তোর এক অবিশ্বাস্য আত্মঘাতী গোলে জয় হাতছাড়া হয় তাদের। ফলে অপেক্ষার প্রহর আরও বাড়ল 'সিআর সেভেন' বাহিনীর।
পুরো ম্যাচে ১-০ গোলে এগিয়ে থেকে জয়ের প্রহর গুনছিল আল-নাসর। এই ম্যাচটি জিতলেই সাত বছর পর লিগ শিরোপা নিশ্চিত হতো ক্লাবটির। কিন্তু যোগ করা সময়ে আল-হিলালের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তো। বলটি গ্রিপে নিতে গিয়ে তিনি নিজেই নিজেদের জালে জড়িয়ে দেন। এই ড্রয়ের ফলে শিরোপা নিশ্চিত করার জন্য আল-নাসরকে এখন তাদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
২০২৩ সালের জানুয়ারিতে আল-নাসরে যোগ দেওয়ার পর এখনও কোনো ঘরোয়া লিগ শিরোপা জেতা
হয়নি ৪১ বছর বয়সী এই ফুটবল মহাতারকার। মাঠের সাইডবেঞ্চে থাকা রোনালদো এই আত্মঘাতী গোলের
পর চরম হতাশায় মুষড়ে পড়েন। তবে ম্যাচ শেষে তার ৭৭০ মিলিয়নেরও বেশি সোশ্যাল মিডিয়া অনুসারীদের
উদ্দেশ্যে ইতিবাচক বার্তা দিয়ে রোনালদো লিখেছেন, "স্বপ্ন এখন খুব কাছে।"
বর্তমানে ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের
শীর্ষে রয়েছে আল-নাসর। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল-হিলাল।
আগামী ২১ মে ১৫তম স্থানে থাকা দামাকের বিপক্ষে ড্র করলেই আল-নাসরের হাতে উঠবে কাঙ্ক্ষিত
শিরোপা।
বাংলাদেশের খবর/এম.আর

