সারাহ টেইলর
ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হলো। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য পুরুষ দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক কিংবদন্তি উইকেটরক্ষক সারা টেলর। এর মাধ্যমে ইংল্যান্ডের কোনো প্রধান পুরুষ জাতীয় দলে প্রথম নারী কোচ হিসেবে দায়িত্ব পালন করে ইতিহাস গড়তে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এই তারকা।
২০০৬ থেকে ২০১৯ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে
২২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সারা টেলরকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেটরক্ষক
হিসেবে বিবেচনা করা হয়। কোচিং ক্যারিয়ারেও তিনি বেশ অভিজ্ঞ। এর আগে সাসেক্স, ম্যানচেস্টার
অরিজিনালস এবং ইংল্যান্ড লায়ন্স দলের সাথে কাজ করেছেন তিনি।
ইংল্যান্ড পুরুষ ক্রিকেটের ব্যবস্থাপনা
পরিচালক রব কি বলেন, "তিনি নিজের কাজে সেরা খেলোয়াড়দের একজন। অ্যান্ড্রু ফ্লিনটফ
ও পারফরম্যান্স ডিরেক্টর এড বার্নি তার কাজের ভূয়সী প্রশংসা করেছেন। আমাদের দৃষ্টিতে
তিনি এই পদের জন্য অন্যতম যোগ্য ব্যক্তি।"
নিজের নতুন দায়িত্ব সম্পর্কে গত শীতে বিবিসি
স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে টেলর বলেছিলেন, "আমি প্রচারের আলোয় থাকতে চাই
না, শুধু নিজের কাজটা ঠিকঠাক করতে চাই। আমি পথপ্রদর্শক হতে ভালোবাসি, তবে অতিরিক্ত
মনোযোগ ছাড়াই। আমি দেখতে চাই কোচ হিসেবে আমি কতদূর যেতে পারি এবং বিশ্বের সেরা খেলোয়াড়দের
সাথে কাজ করতে চাই।"
অস্ট্রেলিয়ার বিপক্ষে গত অ্যাশেজ সিরিজে
ইংল্যান্ডের ভরাডুবির অন্যতম কারণ ছিল ক্যাচ মিস এবং দুর্বল ফিল্ডিং। সেই সিরিজে দলের
কোনো নির্দিষ্ট ফিল্ডিং কোচ ছিল না, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সেই ব্যর্থতা কাটিয়ে
উঠতে এবং দলে শৃঙ্খলা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনতে সারা টেলরকে বড় দায়িত্ব দেওয়া হলো।
লর্ডসে ৪ জুন থেকে শুরু হতে যাওয়া কিউইদের
বিপক্ষে টেস্ট সিরিজের মাধ্যমেই তার এই যাত্রা শুরু হবে। সারা টেলরের এই নিয়োগ বিশ্ব
ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক কিছু যুগান্তকারী পরিবর্তনেরই অংশ।
এর আগে ফুটবলে ইউনিয়ন বার্লিনের অন্তর্বর্তীকালীন
কোচ হিসেবে মারি-লুইস এটা এবং টেনিসে অ্যান্ডি মারের কোচ হিসেবে এমিলি মোরেসমোর কাজ
করার নজির রয়েছে। তবে ইংল্যান্ডের মূলধারার কোনো পুরুষ স্পোর্টস টিমে সারাই প্রথম নারী
কোচ।
নিউজিল্যান্ড সিরিজের জন্য ইংল্যান্ড দলে
ডাক পেয়েছেন ওলি রবিনসনসহ তিন নতুন মুখ—জেমস রিউ, এমিলিও গে এবং সনি বেকার। দলের শৃঙ্খলায়
আমূল পরিবর্তন আনতে খেলোয়াড়দের জন্য সান্ধ্য আইন (কারফিউ) বহাল রাখা হয়েছে। লর্ডস টেস্টের
আগে ২৫ মে থেকে লাফবরোতে তিন দিনের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে। সেখানে হেড কোচ ব্রেন্ডন
ম্যাককালামের সাথে কাজ শুরু করবেন সারা টেলর।
লর্ডসের ঐতিহাসিক মাঠে ইংল্যান্ডের পুরুষ
ক্রিকেটারদের ক্যাচ ধরা বা স্টাম্পিংয়ের কৌশল শেখাতে একজন নারীর উপস্থিতি ক্রিকেট বিশ্বের
জন্য একটি ইতিবাচক ও শক্তিশালী বার্তা বহন করছে।
বাংলাদেশের খবর/এম.আর

