ইগা সিভিয়াতেক
ফেভারিট হিসেবেই রোম মাস্টার্সে পা রেখেছিলেন চারবারের ফরাসি ওপেন জয়ী ইগা সিভিয়াতেক। তবে বুধবার রাতে কোর্টে তিনি যা দেখালেন, তাকে কেবল জয় বললে ভুল হবে; এটি ছিল প্রতিপক্ষের জন্য এক চরম সতর্কবার্তা। মার্কিন তারকা জেসিকা পেগুলাকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে ইতালিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন এই পোলিশ তারকা।
২৪ বছর বয়সী সিভিয়াতেক ম্যাচের শুরু থেকেই
ছিলেন বিধ্বংসী। পঞ্চম বাছাই পেগুলাকে মাত্র এক ঘণ্টার লড়াইয়ে ৬-১, ৬-২ গেমে বিধ্বস্ত
করেন তিনি। আগের রাউন্ডে চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাওমি ওসাকাকে মাত্র তিন গেম
হারিয়ে বিদায় করেছিলেন সিভিয়াতেক। পেগুলার বিপক্ষে এই জয় প্রমাণ করল যে, আগামী মাসে
শুরু হতে যাওয়া ফরাসি ওপেনের শিরোপা পুনরুদ্ধারে তিনি এখন থেকেই অপ্রতিরোধ্য।
গত বছর ক্লে-কোর্টে নিজের চেনা ছন্দ হারিয়ে
ফেলেছিলেন সিভিয়াতেক। তবে গত মাসে রাফায়েল নাদালের সাবেক কোচ ফ্রান্সিসকো রোইগকে নিয়োগ
দেওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করেন তিনি। এমনকি প্র্যাকটিস কোর্টে কিংবদন্তি নাদালের
থেকেও পরামর্শ নিচ্ছেন এই বর্তমান বিশ্ব নম্বর ফোর।
ম্যাচ শেষে সিভিয়াতেক বলেন, "গত
কয়েক সপ্তাহে আমরা যা কাজ করেছি, তা দারুণ কাজে দিচ্ছে। এখন নিজের শটগুলোর ওপর আমার
অনেক আত্মবিশ্বাস ফিরে এসেছে।"
সাবেক কোচ উইম ফিসেটের অধীনে অতি-আক্রমণাত্মক
খেলতে গিয়ে নিজের স্বাভাবিক ধৈর্য হারিয়ে ফেলেছিলেন সিভিয়াতেক। তবে নতুন কোচ রোইগের
অধীনে তিনি আবার ‘ব্যাক টু বেসিক’ অর্থাৎ ধৈর্যশীল টেনিসে ফিরেছেন। পেগুলার বিপক্ষে উচ্চ
মার্জিন বজায় রেখে এবং রক্ষণে দেয়াল তুলে দিয়ে প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করেছেন তিনি।
ফাইনালে ওঠার লড়াইয়ে সিভিয়াতেক মুখোমুখি হবেন ইউক্রেনের এলিনা সোভিতোলিনার। সোভিতোলিনা
অন্য কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের এলেনা রিবাকিনাকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছেন।
এদিকে ছেলেদের ইভেন্টে নরওয়ের ক্যাসপার
রুড সেমিফাইনালে উঠেছেন। তবে ফরাসি ওপেনের আগে দুঃসংবাদ হয়ে এসেছে ইতালিয়ান তারকা লোরেঞ্জো
মুসেত্তির ইনজুরি। উরুর চোটের কারণে তিনি রোলাঁ গারো থেকে নাম সরিয়ে নিয়েছেন। এর আগে
কার্লোস আলকারাজ এবং জ্যাক ড্রেপারও চোটের কারণে ফরাসি ওপেন থেকে ছিটকে গেছেন। রোমের
লাল দুর্গে সিভিয়াতেকের এই রুদ্রমূর্তি দেখে টেনিস বোদ্ধারা মনে করছেন, প্যারিসেও
‘ক্লে-কোর্ট কুইন’কে
থামানো এবার বেশ কঠিন হবে।
বাংলাদেশের খবর/এম.আর

