Logo

খেলা

ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী কোচ হচ্ছেন মাইকেল ক্যারিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ২০:৫০

ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী কোচ হচ্ছেন মাইকেল ক্যারিক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মাইকেল ক্যারিক। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে ওল্ড ট্রাফোর্ডের সাবেক এই মিডফিল্ডারের চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হয়েছে। বর্তমানে দুই পক্ষের মধ্যে চুক্তিপত্রের আনুষ্ঠানিক কাজ চলছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ক্লাবের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম।

সবকিছু ঠিকঠাক থাকলে রোববার নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগেই সব আনুষ্ঠানিকতা শেষ হতে পারে। তবে ক্লাব কর্তৃপক্ষের মূল ইচ্ছা, চলতি মৌসুমে ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডের শেষ ম্যাচের আগেই নতুন কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা। রেড ডেভিলদের সঙ্গে ক্যারিকের এই চুক্তিটি প্রাথমিকভাবে দুই বছরের জন্য হচ্ছে, যেখানে পরবর্তীতে আরও ১২ মাস চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ (অপশন) থাকবে।

চলতি বছরের জানুয়ারি মাসে পর্তুগিজ কোচ রুবেন আমোরিম বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিক। দায়িত্ব নেওয়ার পর থেকেই ওল্ড ট্রাফোর্ডের ভাগ্য বদলে দেন তিনি। তাঁর অধীনে খেলা ১৫টি প্রিমিয়ার লিগ ম্যাচের মধ্যে ১০টিতেই জয় পেয়েছে ইউনাইটেড। শুধু তাই নয়, দলকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতাও এনে দিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এই অসামান্য সাফল্যের কারণেই প্রিমিয়ার লিগের ম্যানেজার অব দ্য সিজন’-এর সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছেন ক্যারিক।

ক্যারিকের এই অবিশ্বাস্য পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর বেরাদা এবং ফুটবল পরিচালক জেসন উইলকক্সসহ ইউনাইটেডের শীর্ষ পরিচালনা পর্ষদ ক্লাবের মালিকানাধীন প্রতিষ্ঠান ইনিওস’ -এর কাছে ক্যারিককে স্থায়ী কোচ করার সুপারিশ করেন। ওল্ড ট্রাফোর্ডের নীতি-নির্ধারকদের সেই সুপারিশে সবুজ সংকেত দিয়েছে ক্লাবের সর্বোচ্চ হায়ারার্কি। ফলে সাবেক এই ইউনাইটেড তারকার কাঁধেই উঠছে ক্লাবের স্থায়ী কোচের দায়িত্ব।

 

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন