রামিসা হত্যাকাণ্ড
সর্বোচ্চ শাস্তির দাবি জ্যোতি-তামিম-শান্ত-লিটনের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ২১:০২
রামিসা আক্তার
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর প্রতিবেশীর হাতে নৃশংসভাবে খুন হওয়ার ঘটনায় ক্ষোভে ও ধিক্কারে ফুঁসছে পুরো দেশ। এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে এবার সোচ্চার হয়েছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক
কমিটির সভাপতি তামিম ইকবাল, জাতীয় টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, নারী দলের
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ মুশফিকুর রহিম ও লিটন দাসের মতো তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
সন্তানদের
জন্য নিরাপদ পৃথিবী প্রয়োজন: সিলেটে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ঐতিহাসিক
ধবলধোলাইয়ের (হোয়াইটওয়াশ) মহাকাব্যিক জয় এবং দ্বিতীয় টেস্টে ম্যাচসেরার পুরস্কার জিতে
ওপেনার ও উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাসের এখন ফুরফুরে মেজাজে থাকার কথা ছিল। কিন্তু
রামিসা হত্যাকাণ্ডের খবরটি লিটনকে স্তব্ধ করে দিয়েছে। নিজে একজন কন্যাসন্তানের বাবা
হওয়ায় এই বেদনা কোনোভাবেই নিতে পারছেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে লিটন লিখেছেন,
“একজন কন্যাসন্তানের
বাবা হিসেবে রামিসার খবরটি শোনা অত্যন্ত মর্মাহত ও হৃদয়বিদারক। এ ধরনের ঘটনা কোনো সমাজেই
সহ্য করা যায় না। আমাদের সন্তানদের জন্য এমন একটি নিরাপদ পৃথিবী প্রয়োজন, যেখানে তারা
ভয় ছাড়া বড় হতে পারে। রামিসার ক্ষেত্রে সেই বিচার দ্রুততার সঙ্গে নিশ্চিত করতে হবে।
আসুন উচ্চকণ্ঠে বলি—এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।”
আর
কোনো রামিসার জীবন যেন এভাবে থেমে না যায়: বিসিবি সভাপতি তামিম ইকবাল নিজের অফিশিয়াল
ফেসবুক পেজে ভুক্তভোগী শিশুর ছবি পোস্ট করে দ্রুত বিচারের জোর দাবি জানিয়েছেন। আর জাতীয়
টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে
প্রার্থনা করেছেন, “আমরা এমন এক সমাজ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে, ভয়
নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো রামিসার জীবন যেন এভাবে থেমে না যায়। আল্লাহ তাকে
জান্নাতুল ফেরদৌস দান করুন, আর দোষীদের এমন শাস্তি হোক যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে
থাকে।”
খবরটা
শুনে আমি পুরোপুরি হতবাক: বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও ঘটনার
নিষ্ঠুরতায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি লিখেছেন, “আজ সকালে খবরটা শুনে আমি পুরোপুরি হতবাক।
সে নিরাপত্তা, ভালোবাসা এবং সুরক্ষা পাওয়ার যোগ্য ছিল; এমন ভয়াবহ নিষ্ঠুরতা নয়। আমি
এই নিষ্পাপ শিশুটির জন্য দ্রুত ও সঠিক বিচার জোরালোভাবে দাবি করছি। কোনো পরিবার যেন
কখনও এমন অসহনীয় কষ্ট ও ট্র্যাজেডির মধ্য দিয়ে না যায়। শিশুদের বিরুদ্ধে অপরাধের কঠোরতম
শাস্তি হওয়া উচিত।”
ফুল
আর ফুটবে না: বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা
জ্যোতিও এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। তীব্র দুঃখ ও ক্ষোভ প্রকাশ
করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি কবি সুকান্ত ভট্টাচার্যের
কবিতার সুর মিলিয়ে লিখেছেন, “ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনো ফুটবে না...
রামিসা হত্যার বিচার চাই! জাস্টিস ফর রামিসা।”
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১-এর
ব্লক বি এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মস্তকবিহীন
মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই বাসার বাথরুম থেকে তার খণ্ডিত মাথাটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শিশুটিকে ধর্ষণের পর প্রতিবেশীর হাতে সে গলা কেটে খুনের শিকার হয় এবং
এই নৃশংসতায় ঘাতকের স্ত্রীও সহযোগিতা করেছে। অভিযুক্ত ব্যক্তি ইতিমধ্যেই আদালতে জবানবন্দি
দিয়েছেন এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশের খবর/এম.আর

