Logo

খেলা

ম্যারাডোনাকে জয় উৎসর্গ করলেন মেসি

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:২০

ম্যারাডোনাকে জয় উৎসর্গ করলেন মেসি

ছবি: সংগৃহীত

আরেকটি মহাকাব‍্যিক জয়ে ফিফা বিশ্বকাপের শিরোপা ধরে রাখার পথে আরেকটু এগিয়ে গেল আর্জেন্টিনা। পিছিয়ে পড়ার পর আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ইংল‍্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল লিওনেল স্কালোনির দল। এই জয় ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

দ্বিতীয় সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় ও শেষ চার আসরে তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার দেশটি। 

৪০ বছর আগে ইংল‍্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জাদুকরী ফুটবল উপহার দিয়েছিলেন ম্যরাডোনা। ২-১ গোলেই ইংলিশদের হারানোর পথে করেছিলেন ‘কুখ‍্যাত’ ও ‘বিখ‍্যাত’ দুটি গোল। ১৯৮২ সালের ফকল‍্যান্ড যুদ্ধের চার বছর পর ম্যারাডোনার নৈপুণ‍্যে পাওয়া ওই জয় আর্জেন্টিনার চিরন্তন গল্পগাঁথার অংশ।

এবার তেমন জাদুকরী কিছু করেননি মেসিরা। তবে পিছিয়ে পড়ার পর যেভাবে নিজেদের উজাড় করে দিয়ে খেলেছেন, একের পর এক সুযোগ তৈরি করেছেন এবং নির্ধারিত সময়েই জয় তুলে নিয়েছেন, এর মাহাত্ম‍্যও কম নয়।

পিছিয়ে পড়ার পর ম‍্যাচের বাকি সময়ে ৮৮ শতাংশ সময় পজেশন ধরে রেখে দুটি গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। এন্সো ফের্নান্দেস ও লাউতারো মার্তিনেসের দুই গোলেই অবদান রাখেন মেসি।

ম‍্যাচ শেষে টিওয়াইসির সঙ্গে আলাপচারিতায় জয় নিয়ে বলতে গিয়ে প্রয়াত ম্যারাডোনার প্রসঙ্গ টানেন মেসি।

তিনি বলেন, কোনো সন্দেহ নেই, ডিয়েগো উপরে থেকে এটা খুব উপভোগ করছেন। কারণ, আজকের দিন তার জন‍্য খুবই বিশেষ একটি দিন। তাকে এই আনন্দ দিতে পারা এবং উপরে থেকে তার যেভাবে ইচ্ছা সেভাবে উপভোগ করতে পারা (দারুণ একটি ব‍্যাপার)। তাকে এটা উপভোগ করতে দিন, কারণ এটা তার জন‍্য একটা উপহারও।

১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকোর বিখ‍্যাত আসতেকা স্টেডিয়ামে ইংল‍্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের মধ‍্যে ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দা সেঞ্চুরি’ গোল দুটি করেন ম্যারাডোনা। সেই দুই গোল নিয়ে আজও কত কথা, কত আলোচনা।

মেসি বলেন, ‘জাতীয় সংগীতের সময় বিশেষ কিছু ঘটেছিল। দর্শকদের গুঞ্জন ধীরে ধীরে জোরালো হয়ে ওঠে। তারা অন্যরকম আবেগ নিয়ে গান গাইছিল, আর আমরা একে অপরের দিকে তাকিয়ে সেটা অনুভব করছিলাম। জানতাম এটা শুধু একটি ফুটবল ম্যাচ, কিন্তু কখনও কখনও আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। আমরা সেই অনুভূতি নিয়েই ম্যাচটি খেলেছি।’

এই ম্যাচে আরও কয়েকটি রেকর্ড নিজের নামে লিখিয়েছেন মেসি। আগামী রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে স্পেনের বিপক্ষে তিনি খেলবেন নিজের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল, যা তাকে ব্রাজিল কিংবদন্তি কাফুর রেকর্ডের সমতায় নিয়ে যাবে। একইসঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে কিলিয়ান এমবাপ্পের ওপর নিজের ব্যবধান আরও বাড়ানোর সুযোগ থাকবে তার সামনে। পাশাপাশি লক্ষ্য থাকবে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতে নিজের অনন্য অর্জনের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করা।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচজুড়ে আর্জেন্টিনার সমর্থকদের মুখে এখন একটি গান সবচেয়ে বেশি শোনা যায়, ‘ফকল্যান্ডসের জন্য, ডিয়েগোর জন্য, আর লিওর শেষ গোলের (বিশ্বকাপ) জন্য।’ আটলান্টার এই মহাকাব্যিক বিকেলে প্রথম দুটি পূরণ হয়েছে। শেষটি পূরণ হবে কি না, তার উত্তর মিলবে ফাইনালে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন