ফের মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন! সম্ভাব্য তারিখ ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৬:০২
২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের কষ্টের পরাজয়ের পর আবারও ফুটবলের সবচেয়ে আলোচিত ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়নের মধ্যকার ঐতিহ্যবাহী 'ফিনালিসিমা' ম্যাচটি চলতি বছরের নভেম্বরেই অনুষ্ঠিত হতে পারে বলে বিশেষ প্রতিবেদনে নিশ্চিত করেছে ইএসপিএন আর্জেন্টিনা।
সব কিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের শেষের দিকেই অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’। ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছেন স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল।
স্প্যানিশ নামজাদা ক্রীড়া দৈনিক ‘মার্কা’র এক এক্সক্লুসিভ প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং ইউরোপীয় ফুটবলের অভিভাবক উয়েফা ম্যাচটি মাঠে গড়াতে নতুন করে আলোচনায় বসেছে। ২০২৪ কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনা এবং ২০২৪ ইউরো জয়ী স্পেনের মধ্যকার এই মেগা-ম্যাচটি দীর্ঘদিন ধরেই প্রশাসনিক জটিলতায় আটকে ছিল।
প্রাথমিক সিডিউল অনুযায়ী, চলতি বছরের ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে বিরাজমান রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর ভেন্যু নির্বাচনে শুরু হয় দুই দেশের স্নায়ুযুদ্ধ, স্পেন ম্যাচটি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজন করতে চাইলে আর্জেন্টিনা পাল্টা দাবি তোলে বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্তাল স্টেডিয়ামের। কোনো পক্ষই নতিস্বীকার না করায় ম্যাচটি একপ্রকার অনিশ্চয়তার মুখেই পড়ে গিয়েছিল।
তবে সাম্প্রতিক বিশ্বকাজের উত্তাপের পর সেই বরফ গলতে শুরু করেছে। মার্কার প্রতিবেদন বলছে, চলতি বছরের ৯ থেকে ১৭ নভেম্বরের আন্তর্জাতিক ফিফা উইন্ডোকেই এই স্বপ্নের ফিনালিসিমার সম্ভাব্য সময়সূচি হিসেবে ধরা হচ্ছে। যদিও চূড়ান্ত তারিখ ও নিরপেক্ষ ভেন্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেয়নি দুই ফুটবল সংস্থা।
বাংলাদেশের খবর/এইচআর

