Logo

খেলা

বিশ্বকাপের শেয়ার বিক্রির

প্রস্তাবে প্রশ্নের মুখে ইনফান্তিনোর ভবিষ্যৎ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ২০:৫৫

প্রস্তাবে প্রশ্নের মুখে ইনফান্তিনোর ভবিষ্যৎ

বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক স্বত্ব ও শেয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে চরম প্রশাসনিক সংকটে পড়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর তীব্র চাপ সৃষ্টি করে আকস্মিকভাবে পদত্যাগ করেছেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডেইরো।

একই সঙ্গে ইউরোপের ফুটবল সংস্থা উয়েফার পর এবার কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন-ও ইনফান্তিনোর এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফলে ফিফার সভাপতি হিসেবে ২০১৬ সাল থেকে দায়িত্বে থাকা ৫৬ বছর বয়সী ইনফান্তিনোর ভবিষ্যৎ এখন বড় ধরনের প্রশ্নের মুখে।

শুক্রবার সকালে দেওয়া এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের কথা জানান সাবেক ইউএস সকার প্রধান কার্লোস কর্ডেইরো, যিনি ২০২১ সাল থেকে ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন।

কর্ডেইরো ক্ষোভ প্রকাশ করে বলেন, ফিফা যখন বিশ্বকাপের অংশীদারিত্ব (শেয়ার) বিক্রি করার পরিকল্পনা করছে, তখন আমি চুপচাপ দাঁড়িয়ে দেখতে পারি না। এ প্রস্তাবে আমার কোনো সম্পৃক্ততা ছিল না এবং আমি এর সম্পূর্ণ বিরোধী। এটি ফিফার সদস্য সংস্থা, ফুটবল এবং ফুটবলের দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর এক চুক্তি। ফিফার নিজস্ব পর্যাপ্ত তহবিল ও বিশাল আর্থিক রিজার্ভ থাকা সত্ত্বেও কেন এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এই বিতর্কের সূত্রপাত ফিফার প্রস্তাবিত একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ গঠনকে কেন্দ্র করে, যার মাধ্যমে বিশ্বকাপের স্বত্ব বেসরকারি খাতের কাছে বিক্রির পরিকল্পনা করা হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবারই উয়েফাভুক্ত ৫৫টি দেশ আন্তর্জাতিক ফুটবল ও ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছিল। শুক্রবার সকালের দিকে এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) উয়েফা ও কনকাকাফের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফিফার এই সিদ্ধান্ত অবিলম্বে বন্ধের দাবি জানায়।

বিশ্বের তিন শক্তিশালী কনফেডারেশন—উয়েফা, কনকাকাফ ও এএফসি মিলে ফিফার মোট ২১১টি সদস্য দেশের মধ্যে ১৪৩টির প্রতিনিধিত্ব করে। ফলে ইনফান্তিনো এই ভোটাভুটিতে হেরে যাওয়া প্রায় নিশ্চিত। তবে পরিস্থিতির মুখে ফিফা এক জরুরি বিবৃতিতে দাবি করেছে, সংবাদমাধ্যমের ভুল তথ্যের কারণে বিভ্রান্তি ছড়িয়েছে এবং তারা কোনোভাবেই ফুটবলকে বিক্রি করছে না। কিন্তু সদস্য দেশগুলোর তোপের মুখে ফিফার অবস্থান এখন সম্পূর্ণ কোণঠাসা। যদি ফিফা অবিলম্বে এই প্রস্তাব থেকে সরে না আসে, তবে আগামী মাসেই পোল্যান্ডে হতে যাওয়া অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ বয়কটের মাধ্যমে ফুটবল বিশ্বে বড় ধরনের অচলাবস্থা তৈরি হতে পারে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন