Logo

খেলা

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন ব্রেট লি

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:৩৯

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন ব্রেট লি

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবে খেলার সময় প্রীতির সঙ্গে লির রসায়ন নিয়ে কত শত রটনা যে ডালপালা মেলেছিল, তার হিসাব নেই।

যদিও সেসব সম্পর্কের গুঞ্জন সে সময় জোরালোভাবে উড়িয়ে দিয়েছিলেন এই বলিউড সুন্দরী। দীর্ঘ ১৫ বছর পর অবশেষে সেই পুরনো চর্চা নিয়ে নীরবতা ভাঙলেন ব্রেট লি নিজেই। সাফ জানিয়ে দিলেন, বিটাউনের কোনো নায়িকার সঙ্গেই কখনো প্রেমে জড়াননি তিনি!

আইপিএলের উদ্বোধনী আসর থেকেই জনপ্রিয় বিদেশি মুখ হিসেবে ভারতের ক্রিকেটপাড়ায় দাপিয়ে বেড়িয়েছেন লি। শুরুতে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে মাঠ কাঁপানোর পর থিতু হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সে।

পাঞ্জাবে খেলার সুবাদে ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিক প্রীতির সঙ্গে গাঢ় হয়েছিল তার বন্ধুত্ব। ব্যস, ওটুকুই কাল হলো! গসিপপ্রিয় সংবাদমাধ্যম সেই সমীকরণকে রূপ দিল প্রেমের উপাখ্যানে। তা নিয়ে তখন খোদ প্রীতিকে সামাজিক মাধ্যমে উগরাতে হয়েছিল ক্ষোভ।

সম্প্রতি ‘বম্বে টাইমস’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পুরনো সেই বিতর্ক উসকে যেতেই হেসে উড়িয়ে দেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি।

প্রীতির সঙ্গে সম্পর্কের বাস্তবতা জানিয়ে ব্রেট লি বলেন, ‘প্রীতি আর আমি স্রেফ খুব ভালো বন্ধু। ও ভীষণ বুদ্ধিমতী একজন নারী। প্রীতির প্রতি আমার অগাধ সম্মান রয়েছে।’

লোকে কী বলল তা নিয়ে কোনো দিন মাথা ঘামাননি বলেও জানান সাবেক এই গতিদানব। লি বলেন, ‘মানুষ তো কত কিছুই অনুমান করতে ভালোবাসে। তবে এসব কথাকে আমি কখনো পাত্তা দিইনি, নিজের ওপর প্রভাব ফেলতেও দিইনি। কারণ আসল সত্যিটা আমি খুব ভালো করেই জানতাম।’

কালের আবর্তে দুজনের পথ এখন পুরোটাই বদলে গেছে। ২০১৬ সালে মার্কিন ব্যবসায়ী জিন গুডএনাফকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন প্রীতি জিনতা। আর দুই দশকের বর্ণিল ক্যারিয়ার শেষে ২০১৫ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান ব্রেট লি। ক্যাঙ্গারুদের হয়ে ৭৬ টেস্টে ৩১০টি এবং ২২১ ওয়ানডেতে ৩৮০টি উইকেটের মালিক তিনি। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন