Logo

খেলা

অবসর ভেঙে অলিম্পিকে ফেরার ঘোষণা ইভ মুইরহেডের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১৯:২৩

অবসর ভেঙে অলিম্পিকে ফেরার ঘোষণা ইভ মুইরহেডের

চার বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে কার্লিং ট্র্যাকে ফেরার চমকপ্রদ ঘোষণা দিলেন শীতকালীন অলিম্পিক স্বর্ণপদকজয়ী ব্রিটিশ ও স্কটিশ তারকা ইভ মুইরহেড। ২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিকে গ্রেট ব্রিটেনের হয়ে স্বর্ণ জয়ের পর প্রতিযোগিতামূলক কার্লিংকে বিদায় জানিয়েছিলেন ৩৬ বছর বয়সী এই ক্রাড়া ব্যক্তিত্ব।

চলতি বছরে অনুষ্ঠিত মিলান-করতিনা গেমসে টিম জিবি’র শেফ দ্য মিশন’ বা প্রধান দলনেতা হিসেবে দায়িত্ব পালনের পরই মূলত তার মনে নতুন করে প্রতিযোগিতার উদ্দীপনা জেগে ওঠে। বরফের ট্র্যাকে ফিরে এসে তিনি যৌথভাবে বিশ্বকাপ জয়ী সঙ্গী ববি ল্যামির সাথে মিশ্র দ্বৈত ক্যাটাগরিতে ২০৩০ আল্পস শীতকালীন অলিম্পিককে লক্ষ্য করে মাঠে নামার পরিকল্পনা প্রকাশ করেছেন।

দীর্ঘ ১৫ বছরের পেশাদার খেলোয়াড়ী জীবনে মানসিকভাবে চরম ধকল সামলে বেইজিং অলিম্পিকে কাঙ্ক্ষিত স্বর্ণ জয় করেছিলেন চারবারের এই অলিম্পিয়ান। অবসর জীবনের পর হাইরক্সের মতো কঠিন ফিটনেস প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেকে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা রাখেন তিনি।

খেলাধুলায় নিজের প্রত্যাবর্তন নিয়ে অনুভূতি ব্যক্ত করে মুইরহেড বলেন, "বরফ থেকে দূরে থাকা আমাকে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার সুযোগ করে দিয়েছিল। প্রতিযোগিতা থেকে কোনো চাপ ছাড়া কার্লিং উপভোগ করতে পেরেছি। কিন্তু আমার মধ্যকার প্রতিযোগিতামূলক মনোভাব কখনোই হারিয়ে যায়নি। শীর্ষ ক্রীড়াবিদদের মাঝে কাজ করার পর আমার মনে হতে শুরু করে, ট্র্যাকে দেওয়ার মতো যোগ্যতা আমার এখনও বাকি আছে। আমি জানি অলিম্পিকের পথ কতটা চ্যালেঞ্জিং, তবে এবার আমি নতুন শক্তিতে এবং কোনো মানসিক চাপ ছাড়া ফিরছি।"

মুইরহেডের এই প্রত্যাবর্তনের সাথে সাথে আরেকটি চমকপ্রদ মোড় উন্মোচিত হয়েছে। বেইজিংয়ে তার স্বর্ণজয়ী দলের সদস্য ৩২ বছর বয়সী ভিকি ড্রামন্ডও অবসর ভেঙে কার্লিং বরফে ফিরছেন। পেশায় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) নার্স ড্রামন্ড জানান, মিলান-করতিনা অলিম্পিকে বিবিসি স্পোর্টের হয়ে ধারাভাষ্য দেওয়ার সময় খেলায় ফেরার উদ্দীপনা পান তিনি। তিনি ইউয়ান কাইলের সাথে জুটি বেঁধে এই মৌসুমে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১ সন্তানের মা ড্রামন্ড বলেন, "মা হওয়া মানেই যে নিজের স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষার ইতি টানা নয়, তা আমি আমার ছোট মেয়ে সোফিকে দেখিয়ে দিতে চাই।"

এর ফলে আসন্ন আল্পস ২০৩০ শীতকালীন অলিম্পিককে সামনে রেখে ব্রিটিশ কার্লিং মিশ্র দ্বৈত বিভাগে সাবেক দুই সতীর্থ এবং বন্ধু ইভ মুইরহেড ও ভিকি ড্রামন্ড মুখোমুখি প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছেন। দুই অলিম্পিয়ানের এই রোমাঞ্চকর প্রত্যাবর্তনে বিশ্ব কার্লিং অঙ্গনে বইছে চরম উত্তেজনা।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন