Logo

খেলা

নারী দলের জন্য বিদেশি কোচ খুঁজছে বিসিবি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ২০:৫৮

নারী দলের জন্য বিদেশি কোচ খুঁজছে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ততা শেষে সংক্ষিপ্ত বিরতি কাটিয়ে ফের মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৎপর হয়ে উঠছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে চলতি মাসের শেষদিকে গড়াতে যাচ্ছে নারী এশিয়া কাপের নতুন আসর।

এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে নামার আগে নিগার সুলতানা জ্যোতিদের প্রস্তুতি নিখুঁত করতে আগামী ১০ আগস্ট থেকে জাতীয় দলের ফিটনেস ও স্কিল ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যাম্প শেষে মেগা এই টুর্নামেন্টে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেবে টাইগ্রেসরা।

এশিয়া কাপের এই গুরুত্বপূর্ণ মিশনের আবহেই বাংলাদেশ নারী দলে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমানে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান।

তবে বিসিবি সূত্রে জানা গেছে, নারী দলকে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে শিগগিরই নতুন বিদেশি প্রধান কোচ নিয়োগ দিতে যাচ্ছে বোর্ড। বিশেষ করে হাইপ্রোফাইল কিংবা হেভিওয়েট কোচের খোঁজে ইতোমধ্যে যোগাযোগ শুরু করা হয়েছে। এ ক্ষেত্রে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কয়েকজন অভিজ্ঞ ও হাই-প্রোফাইল কোচের নাম তালিকার শীর্ষ তালিকায় উঠে এসেছে। এশিয়া কাপ শেষ হওয়ার পরপরই নতুন বিদেশি কোচের বিষয়টি চূড়ান্ত হতে পারে।

কেবল জাতীয় দলের শক্তিমত্তা বৃদ্ধিই নয়, দেশে নারী ক্রিকেটের কাঠামোগত ভিত শক্তিশালী করতে যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে বিসিবি। তৃণমূল থেকে নতুন নতুন নারী ক্রিকেটার তুলে আনার লক্ষ্যে দেশের আটটি বিভাগে আটজন আলাদা নারী কোচ নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এই নিয়োগের ক্ষেত্রে জাতীয় দলের সাবেক নারী ক্রিকেটার এবং লেভেল-১ কোচিং কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিসিবির এমন পরিকল্পনা বাস্তবায়িত হলে ঘরোয়া ক্রিকেটে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি পাইপলাইনও আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন বিসিবি কর্তারা।

উল্লেখ্য, এবারের এশিয়া কাপে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে টাইগ্রেসদের। টুর্নামেন্টের বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে এশিয়ার পরাশক্তি ও স্বাগতিক শ্রীলঙ্কা, উদীয়মান সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া।

অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপে রয়েছে থাইল্যান্ড ও হংকং। টুর্নামেন্টের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। এশিয়া কাপের আগে ইনটেনসিভ স্কিল ক্যাম্প এবং ব্যাকগ্রাউন্ডে শক্তিশালী বিদেশি কোচ নিয়োগের এই প্রক্রিয়া মাঠের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

 

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন