ছবি: সংগৃহীত
লিওনেল মেসি মাঠে নেই, কিন্তু তার প্রতি বন্ধুত্ব ও ভালোবাসার বার্তা যেন মাঠেই রেখে গেলেন রদ্রিগো ডি পল। মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসির মৃত্যুর পর মন্টেররের বিপক্ষে গোল করে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।
কাজেমিরোর কাছ থেকে বক্সের বেশ বাইরে বল পেলেন রদ্রিগো ডি পল। দেখলেন বেশ ফাঁকা জায়গা, আশেপাশে নেই কেউ। এক পদক্ষেপ এগিয়ে সময় নিয়ে শট নিলেন। জোরাল ও গড়ানো সেই শট ডাইভিং গোলকিপারকে ফাঁকি দিয়ে পোস্ট ঘেঁষে জড়িয়ে গেল জালে। গোল করেই জার্সি খুলে ফেললেন এই মিডফিল্ডার। দেখা গেল, তার গায়ে জড়ানো আরেকটি জার্সি। সেটি লিওনেল মেসির!
বাবা হারানো মেসি অনুমিতভাবেই শনিবার (৮ আগস্ট) রাতে ছিলেন না লিগস কাপের ম্যাচটিতে। কিন্ত সতীর্থ ও দর্শকদের ভালোবাসায় ঠিকই ছিলেন ইন্টার মায়ামি অধিনায়ক।
ম্যাচের শুরুটাই ছিল শোকের আবহে। মাঠে বল গড়ানোর আগে এক মিনিট নীরবতা পালন করা হয় প্রয়াত হোর্হে মেসির স্মরণে। ইন্টার মায়ামির ফুটবলাররা মাঠে নামেন কালো ফিতা বাহুতে বেঁধে। মেসির ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে ম্যাচের দশম মিনিটে গ্যালারিতে থেকে ভেসে আসে মেসির নামে স্লোগান। সেখানে ছিল প্রিয় নায়কের শোকের দিনে তার পাশে থাকার বার্তা। দর্শকদের হাতে ছিল বিভিন্ন পতাকা ও ব্যানার।
ঘরের মাঠে ম্যাচটির ৩২তম মিনিটে ডি পলের ওই গোলে এগিয়ে যায় মায়ামি। গোল করে নিজের জার্সি খুলে ভেতরে থাকা মেসির জার্সি প্রদর্শন করেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
দলের সেরা ফুটবলারকে ছাড়া ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত জিততে পারেনি মায়ামি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে মন্তেরেই। তার পর ৯০তম মিনিটে আরেকটি গোলে নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেয় মেক্সিকোর ক্লাবটি।
বাংলাদেশের খবর/আরইউ

