ওসাকাকে হারিয়ে কানাডিয়ান ওপেনের সেমিফাইনালে রিবাকিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ২০:১৮
প্রথম সেটে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তন করে চারবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাওমি ওসাকাকে পরাজিত করেছেন এলেনা রিবাকিনা।
মঙ্গলবার কানাডিয়ান ওপেনের সেমিফাইনালে
কোকো গাউফের বিরুদ্ধে খেলার যোগ্যতা অর্জন করেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই রিবাকিনা।
রোমাঞ্চকর এই কোয়ার্টার ফাইনালে রিবাকিনা ৪-৬, ৭-৬ (৫), ৬-৪ সেটে জয় ছিনিয়ে নেন।
ম্যাচের শুরুতেই নাওমি ওসাকা বেশ আক্রমণাত্মক
খেলা উপহার দেন। প্রথম সেটেই ব্রেক পয়েন্ট অর্জন করে ৬-৪ ব্যবধানে এগিয়ে যান তিনি।
এমনকি দ্বিতীয় সেটেও ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথেই ছিলেন এই জাপানি তারকা।
তবে চমৎকার ধৈর্য ও দক্ষতার পরিচয় দিয়ে টাইব্রেকারে দ্বিতীয় সেটটি জিতে ম্যাচে সমতা
ফেরান ২০২২ সালের উইম্বলডন এবং ২০২৬ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী রিবাকিনা। ২ ঘণ্টা
৩৩ মিনিটের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃতীয় সেটে টানা ব্রেক পয়েন্ট অর্জন করে ম্যাচ
নিজের নামে করেন তিনি।
ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে রিবাকিনা
মুখোমুখি হবেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই আমেরিকান তারকা কোকো গাউফের। কোয়ার্টার
ফাইনালে বেলিন্ডা বেনসিচ নিতম্বের চোটের কারণে নাম প্রত্যাহার করে নেওয়ায় না খেলেই
সেমিফাইনালে পৌঁছে যান গাউফ। এর ফলে আসন্ন ইউএস ওপেনের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার
বাড়তি সুযোগ পাচ্ছেন ২০২২ সালের ইউএস ওপেন বিজয়ী ২২ বছর বয়সী গাউফ।
চলতি মৌসুমে নিজের প্রথম ডব্লিউটিএ ১০০০
শিরোপার খোঁজে থাকা গাউফ চলতি টুর্নামেন্টে এখনও কোনো সেট হারেননি। রিবাকিনা ও গাউফের
মধ্যে এটি হতে যাচ্ছে দ্বিতীয় মুখোমুখি লড়াই; এর আগে ২০২২ সালে টরন্টোতেই প্রথমবার
মুখোমুখি হয়েছিলেন তারা, যেখানে জয় পেয়েছিলেন গাউফ।
বাংলাদেশের খবর/ এম.আর

