Logo

খেলা

নতুন ইনজুরিতে পল পগবা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ২০:১৯

নতুন ইনজুরিতে পল পগবা

বারবার ইনজুরির থাবায় যেন থমকে যাচ্ছে ফরাসি তারকা পল পগবার ফুটবল ক্যারিয়ার। সম্প্রতি নতুন করে আবারো হাঁটুর ও ঊরুর ইনজুরিতে পড়েছেন এই সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাস মিডফিল্ডার।

ইংল্যান্ডে মোনাকোর প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্প চলাকালে বাম ঊরুতে আঘাত পান ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা। এই নতুন চোটের কারণে লিগ ওয়ানের ক্লাব মোনাকোয় তাঁর ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।

৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার ডান হাঁটুর দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে সবেমাত্র মূল দলের সাথে অনুশীলনে ফিরেছিলেন। কিন্তু সেন্ট জর্জ পার্কের অনুশীলনে পুনরায় আহত হওয়ায় নতুন মৌসুম শুরুর আগে তাঁর ম্যাচ ফিটনেস অর্জন করা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

চলতি প্রাক-মৌসুমে মোনাকোর হয়ে মাত্র এক অর্ধ (হাফ) খেলার সুযোগ পেয়েছিলেন পগবা। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মোনাকো কর্তৃপক্ষ ইতোমধ্যেই পগবার চুক্তির অবশিষ্টাংশ বাতিল বা সমঝোতার মাধ্যমে শেষ করা নিয়ে তাঁর এজেন্টের সাথে আলোচনা শুরু করেছে।

ডোপিং নিয়ন্ত্রণের কারণে ১৮ মাসের নিষেধাজ্ঞা কাটানোর পর গত মৌসুমে মোনাকোর হয়ে ফরাসি লিগ ওয়ানে পগবা মাত্র ৬টি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন, যেখানে তাঁর মোট খেলার সময় ছিল মাত্র ১১৫ মিনিট। ম্যানচেস্টার ইউনাইটেডে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে জুভেন্টাসে যোগ দিয়ে চারবার সিরি-এ শিরোপা জেতেন তিনি। ২০১৬ সালে তৎকালীন বিশ্বরেকর্ড ১২ কোটি ডলার ট্রান্সফার ফি-তে পুনরায় ইউনাইটেডে ফিরলেও ইনজুরি ও ধারাবাহিকতাহীনতা তার সঙ্গী হয়।

২০২৫ সালে নিজ দেশের ক্লাব মোনাকোয় যোগ দিয়ে ক্যারিয়ার পুনরুজ্জীবনের চেষ্টা করলেও ইনজুরি সে পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্স জাতীয় দলের হয়ে ৯১টি ম্যাচ খেলে ১১টি গোল করা এই তারকার ফরাসি জার্সিতে শেষ ম্যাচটি ছিল ২০২২ সালে।

২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে দলকে শিরোপা জেতানো পগবা কি আবারো চেনা ছন্দে ফিরতে পারবেন, নাকি অকালেই শেষ হতে যাচ্ছে তার উজ্জ্বল ক্যারিয়ার এখন সেটাই বড় প্রশ্ন।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন