শান্ত-হাসান-তানজিদের বড় লাফ
ডারউইন জয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ২০:৫৩
অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিংয়েও বড় পুরস্কার পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইন টেস্টে স্মরণীয় পারফরম্যান্সের সুবাদে বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার—তিন বিভাগেই বাংলাদেশের ক্রিকেটারদের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
সবচেয়ে বড় চমক দেখিয়েছেন ডানহাতি পেসার
হাসান মাহমুদ, তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ডারউইন টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬৩ রানে
৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া হাসান মাহমুদ র্যাঙ্কিংয়ে দিয়েছেন বিরাট লাফ। একসংগে
২৬ ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় ৩৮ নম্বরে উঠে এসেছেন এই তরুণ পেসার। ৫০৩ রেটিং
পয়েন্ট অর্জন করা হাসান নিজের ক্যারিয়ারে প্রথমবার ৫০০ পয়েন্টের গণ্ডি অতিক্রম করলেন।
অন্যদিকে ব্যাট হাতে অস্ট্রেলিয়ার শক্তিশালী
পেস আক্রমণের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০১ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকানো তানজিদ
হাসান টেস্ট ব্যাটিং তালিকায় ৮৪ ধাপ এগিয়ে এখন ৮৮ নম্বরে। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয়
টেস্টেই ডারউইনের মতো উইকেটে জয়ের শক্ত ভিত গড়ে দেওয়া এই ওপেনারের এটিই এখন পর্যন্ত
ক্যারিয়ারসেরা অবস্থান।
অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে
দলকে প্রথম টেস্ট জয় এনে দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮৪ রান করেন নাজমুল
হোসেন শান্ত। ৯ ধাপ এগিয়ে তিনি প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন টেস্ট ব্যাটিং
র্যাঙ্কিংয়ের শীর্ষ ২০-এ।
৬৫৯ রেটিং পয়েন্ট নিয়ে ২০ নম্বরে থাকা
শান্তর জন্য এটিও ক্যারিয়ারসেরা অর্জন। ডারউইনে উভয় ইনিংসে ৪৯ ও অপরাজিত ৩০ রান করে
৫ ধাপ উন্নতি করে ৩১ নম্বরে উঠে এসেছেন মুমিনুল হক।
এছাড়া সাদমান ইসলাম ৩ ধাপ এগিয়ে ৫৮ এবং
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ৫ ধাপ এগিয়ে ৫৯ নম্বরে উঠেছেন। ডারউইন টেস্টে অপরাজিত
৩৬ রান করা ৩৭ বছর বয়সী অভিজ্ঞ মুশফিকুর রহিম ১৮ নম্বরে অবস্থান ধরে রেখে এখনও বাংলাদেশি
ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন। তবে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া লিটন দাস
৫ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছেন।
অলরাউন্ডার পারফরম্যান্সে ডারউইন টেস্টে
গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে ৬৫ রান করার পাশাপাশি দ্বিতীয়
ইনিংসে ৫ উইকেট তুলে নেওয়া মিরাজ বোলিং তালিকায় ৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন। অলরাউন্ডারদের
বিশ্ব র্যাঙ্কিংয়ে তিনি ৩২০ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে আগের মতো তিন নম্বরে অবস্থান
করছেন।
এই তালিকায় ৪৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান
ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। বোলিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থান
ধরে রেখেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম; ১ উইকেট পেলেও তিনি ১১ নম্বরে অপরিবর্তিত
রয়েছেন। এছাড়া তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ৪৯ নম্বরে এবং ইনজুরি কাটিয়ে ফেরা ইবাদত
হোসেন ৪ ধাপ এগিয়ে যৌথভাবে ৮২ নম্বরে উঠে এসেছেন।
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে অজিদের
এই অভাবনীয় হারের প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের শীর্ষস্থানগুলোতেও। স্বাগতিকদের
বিপক্ষে ডারউইনে ব্যর্থতার খেসারত দিয়ে টেস্টের এক নম্বর ব্যাটারের স্থান হারিয়েছেন
অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড।
দুই ইনিংসে ২২ ও ১৭ রান করা হেড ৩ ধাপ
পিছিয়ে ৪ নম্বরে নেমে গেছেন। এতে উপকৃত হয়ে টেস্ট ব্যাটিংয়ের শীর্ষস্থান দখল করেছেন
ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং দুই ও তিনে উঠে এসেছেন জো রুট ও স্টিভ স্মিথ।
তবে বোলিং বিভাগে ৮৭০ পয়েন্ট নিয়ে এক
নম্বর অবস্থান অক্ষুণ্ন রেখেছেন ভারতের জাসপ্রীত বুমরাহ। ক্যঙ্গারুদের মাটিতে ঐতিহাসিক
জয়ের পর জাতীয় দলের ক্রিকেটারদের এমন ব্যক্তিগত সাফল্য টাইগার ক্রিকেটে নতুন উদ্দীপনা
জোগাচ্ছে।
বাংলাদেশের খবর/ এম.আর

