Logo

খেলা

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের জয়োল্লাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ২০:৪০

অ
পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের জয়োল্লাস

ক্রীড়াঙ্গনে হতাশার দিন পার করার পর শুক্রবার সুখবর দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই জয়োল্লাস করল বাংলাদেশের মেয়েরা। 

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ম্যাচে ৩০ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রান করতে সক্ষম হয়।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি। দলীয় ২ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় তারা। এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। তবে শেষ দিকে ব্যাটারদের কার্যকর অবদানে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন সাদিয়া আক্তার। ২৫ বলের ইনিংসে তিনি একটি চার ও দুটি ছক্কা হাঁকান।

নিশিতা আক্তার নিশি করেন ২৩ রান। এছাড়া সাদিয়া ইসলাম ও কুমারী শ্রাবণীরানি ১২ রান করে যোগ করেন। শেষদিকে মাত্র ২ বলে ৬ রান করে অপরাজিত থাকেন অদৃতা নওশিন। বাংলাদেশের ইনিংসে অতিরিক্ত থেকে আসে ১২ রান। পাকিস্তানের বোলারদের মধ্যে মাহনূর জেব ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। রোজিনা আখতার শিকার করেন ২ উইকেট। শেহার বানু ও মাহাম নাজাকাত নেন একটি করে উইকেট।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা মোটামুটি ভালোই ছিল। রাভাইল ফারহান ১২ বলে ১৭ রান করে আক্রমণাত্মক শুরু এনে দেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। উইকেটকিপার কোমল খান ৩৯ বলে ২৯ রান করে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন। জুফিশান আইয়াজ ১২ এবং শেহার বানু করেন ৯ রান।

বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের রান তোলার গতি ধীরে ধীরে কমে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রানেই থামে তাদের ইনিংস। ফলে ৩০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে নিশিতা আক্তার নিশি ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন। ফারজানা ইসম, আফরিন মিম ও অদৃতা নওশিন একটি করে উইকেট শিকার করেন। আফরিন মিম ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়ে বাংলাদেশের বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন