Logo

খেলা

সিঙ্গাপুরকে হারিয়ে

এশিয়ান গেমসে নবম বাংলাদেশ নারী হকি দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ২০:৪২

অ
এশিয়ান গেমসে নবম বাংলাদেশ নারী হকি দল

এশিয়ান গেমসে নিজেদের অভিষেক আসরেই দারুণ সাফল্য পেল বাংলাদেশ নারী হকি দল। নাটকে ঠাসা ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নবম স্থান অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ৯ম থেকে ১২তম স্থান নির্ধারণী এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের বাঁশি বাজার পর থেকেই আক্রমণ ও পাল্টা-আক্রমণে দুই দল তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। শুরুর ধাক্কা সামলে ১০ম মিনিটে দুর্দান্ত এক ফিল্ড গোল করে দলকে লিড এনে দেন বাংলাদেশ দলের আক্রমণভাগের তারকা আইরিন আক্তার রিয়া। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে সিঙ্গাপুর। এর মধ্যেই ম্যাচের ৪২তম মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িকভাবে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের লিমা আক্তারকে।

১০ জনের দলে পরিণত হওয়া বাংলাদেশের রক্ষণের দুর্বলতার সুযোগ লুফে নেয় প্রতিপক্ষ। মাঠের সুবিধা কাজে লাগিয়ে ঠিক দুই মিনিট পর (৪৪তম মিনিটে) পেনাল্টি কর্নার থেকে গোল করে সিঙ্গাপুরকে ১-১ সমতায় ফেরান তৌ লি মিন।

নির্ধারিত ৬০ মিনিটের খেলা ১-১ ব্যবধানে ড্র থাকায় বিজয়ী নির্ধারণে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। শুটআউটের চরম স্নায়ুচাপের মুহূর্তে দারুণভাবে নিজেদের সামলে নেন বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে হাসিমুখেই মাঠ ছাড়েন তারা।

 

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন