পাঁচ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে ডিএনসিসি হাফ ম্যারাথন সমাপ্ত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৬:৩৫
ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬ প্রতিযোগিতা। ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টায় রাজধানীর বসুন্ধরার আইসিসিবি গেট থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন।
এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভোর ৫টায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন উদ্বোধনের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর সাড়ে ৫টায় শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌড় এবং সবশেষে সকাল সাড়ে ৭টায় শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটার দৌড়ের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হয়।
প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে মোট ৫ হাজার প্রতিযোগী অংশ নেন। সব প্রতিযোগীর হাতে মেডেল তুলে দেওয়া হয়। পরে আনুষ্ঠানিকভাবে প্রতি ক্যাটাগরির ১০ জন করে বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন।
অনুষ্ঠানে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।

