Logo

প্রযুক্তি

জাতীয় আইসিটি পুরস্কারে ইউল্যাব শিক্ষার্থীদের জয়জয়কার, ঝুলিতে একটি চ্যাম্পিয়নসহ চার সম্মাননা

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৫:১০

অ
জাতীয় আইসিটি পুরস্কারে ইউল্যাব শিক্ষার্থীদের জয়জয়কার, ঝুলিতে একটি চ্যাম্পিয়নসহ চার সম্মাননা

সম্মাননা হাতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীরা

জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতা বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬-এ সাফল্যের স্বাক্ষর রেখেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়টির চারটি উদ্ভাবনী প্রকল্প তিনটি পৃথক ক্যাটাগরিতে একটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ও তিনটি মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে। শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গবেষণাভিত্তিক শিক্ষা এবং বাস্তবমুখী সমস্যা সমাধানের দক্ষতার স্বীকৃতি হিসেবে এ অর্জনকে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্কের (বিন) আয়োজনে গত ৩ অক্টোবর ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার কনজ্যুমার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেন ইউল্যাবের শিক্ষার্থী মো. আবু হুরায়রা ও মো. শাহরিয়ার আলম। তাঁদের উদ্ভাবিত ‘CHRONIQ’ প্রকল্পটি অধ্যাপক মুহাম্মদ গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে একটি কোর্স প্রজেক্ট হিসেবে শুরু হয়েছিল।

বিজনেস সার্ভিসেস ক্যাটাগরিতে মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেন সাইফুল ইসলাম, এম. এম. রাফসানজানি সৌরভ ও প্রান্ত পাল। তাঁদের উদ্ভাবিত ‘Sotto Onusondhan’ (সত্য অনুসন্ধান) প্রকল্পটি অধ্যাপক নাফিস মনসুরের তত্ত্বাবধানে একটি ক্যাপস্টোন প্রজেক্ট হিসেবে বিকশিত হয়।

অন্যদিকে, ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস ক্যাটাগরিতে দুটি মেরিট অ্যাওয়ার্ড পেয়েছে ইউল্যাবের শিক্ষার্থীদের উদ্ভাবিত আরও দুটি প্রকল্প। এর মধ্যে ‘GaitAid’ প্রকল্পের জন্য পুরস্কার অর্জন করেন রোজা স্মরণী বিশ্বাস, তালহা শাদ ও প্রান্ত বড়াই। অধ্যাপক মুহাম্মদ গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে প্রকল্পটি ক্যাপস্টোন প্রজেক্ট হিসেবে তৈরি করা হয়। একই ক্যাটাগরিতে ‘Bak-shrobon’ প্রকল্পের জন্য মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন রাহুল বালা প্রমিথ ও অনিমা বিশ্বাস।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে মোট ৩৫৫টি উদ্ভাবনী প্রকল্প জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে ১১৮টি প্রকল্প চূড়ান্ত মূল্যায়নের জন্য নির্বাচিত হয়। পরে শিল্প, শিক্ষা, ব্যাংকিং, সরকারি ও স্টার্টআপ খাতের ৪০ জন অভিজ্ঞ বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেলের মূল্যায়নে মাত্র ৪৪টি প্রকল্প পুরস্কারের জন্য নির্বাচিত হয়। এমন প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় ইউল্যাবের চারটি প্রকল্পের স্বীকৃতি বিশ্ববিদ্যালয়টির উদ্ভাবনী শিক্ষা ও শিক্ষার্থীদের প্রকল্পভিত্তিক কাজের গুরুত্ব তুলে ধরে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।

এ অর্জনের জন্য ইউল্যাব কর্তৃপক্ষ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের তত্ত্বাবধায়ক শিক্ষকদের অভিনন্দন জানিয়েছে। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, উদ্ভাবনী চিন্তাভাবনা, গবেষণাভিত্তিক শিক্ষা এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতেও কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।

শিক্ষার্থীদের এ সাফল্য উচ্চশিক্ষায় পাঠ্যক্রমের পাশাপাশি হাতে-কলমে প্রকল্প তৈরি, গবেষণা এবং প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগের প্রয়োজনীয়তাও তুলে ধরে। উদ্ভাবনী ধারণাকে বাস্তবমুখী প্রকল্পে রূপ দেওয়ার সুযোগ শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জনের পথও তৈরি করতে পারে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন